পালা বদলের পরে ফের জমজমাট টলিউড, ঢল দেশি–বিদেশী শুটিংয়ের
অভিযোগ, বিগত সরকারের জমানায় বার বার ভিন রাজ্য ও দেশের ছবির শুটিং থমকে গিয়েছে কলকাতায়। যার শুরুটা হয়েছিল ২০১২–তে অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’–র শুটিংকে কেন্দ্র করে। দার্জিলিং ও কলকাতায় ওই ছবির শুটিং শুরু হয়। কিন্তু এমনই উৎপাতের অভিযোগ ওঠে যে শেষ পর্যন্ত রাজ্য ছেড়ে সেই শুটিং শেষ করা হয় হিমাচল প্রদেশের পার্বত্য এলাকায়। তারপর থেকে কখনও বাংলাদেশের ওটিটিকে ব্যান করা হয়েছে, কখনও ফিরিয়ে দেওয়া হয়েছে ভিন রাজ্যের প্রযোজকদের। পরিচালক সুব্রত সেন জানাচ্ছেন, মূল সমস্যাটা তৈরি হয় স্বরূপের নেতৃত্বাধীন ফেডারেশনের নানা চাপিয়ে দেওয়া নিয়মে। কতজন এবং কাদের নিয়ে কাজ করতে হবে, কত পারিশ্রমিক দিতে হবে, অতিরিক্ত লোক নিয়ে শুটিং করা, কোনও কাজে না লাগলেও বেশি লোক নিয়ে কাজ করার মতো একাধিক শর্ত চাপানোর ফলেই ভিন রাজ্যের প্রযোজকদের মধ্যে এই ধারণা তৈরি হয়, কলকাতায় শুট করা মানেই নানা ঝামেলা। সুব্রতর কথায়, ‘এই ধারণা থেকেই একে একে প্রযোজকরা সরে যান। অথচ কলকাতায় কিন্তু দীর্ঘদিন ধরে বহু দক্ষিণী ছবি, সর্বভারতীয় বিজ্ঞাপন শুট হয়েছে। একটা সময়ে এমন হয় একান্তই যাদের কলকাতা পটভূমি রয়েছে তারা ছাড়া বাকিরা ছবি চেন্নাই, হায়দরাবাদ, মুম্বইয়ে সরিয়ে নিয়ে যায়।’ রাজ্যে পালাবদলের পরেও একাধিক বার ফেডারেশন বনাম হঠাৎ সক্রিয় হয়ে ওঠা কনফেডারেশনের মধ্যে ঝামেলা তৈরি হয়। কিন্তু সেই বিতর্ক সরিয়েও বাংলা যে এখন ডেস্টিনেশন তা যেন প্রমাণ করছে টলিপাড়া।