ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুনের অভিযোগ, যাবজ্জীবন চিকিৎসকের
এই সময়, বনগাঁ: ঘুমন্ত অবস্থায় চিকিৎসক স্ত্রীকে খুনের দায়ে বৃহস্পতিবার অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিলেন বনগাঁ আদালতের বিচারক। আসামি অরিন্দম বালা নিজেও একজন চিকিৎসক। গত তিন বছর ধরে মামলা চলার পর এ দিন বনগাঁ আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ-২ কোর্টের বিচারক এই রায় শুনিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। ১ লক্ষ টাকার মধ্যে ৫০ হাজার টাকা নিহতের পরিবারকে দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক। আদালতের এই রায়ে খুশি নিহত তরুণীর বৃদ্ধ বাবা–মা।