কল্যাণীতে উত্তমকে নিয়ে বই, স্মৃতিমেদুর কৃষ্ণনগর
গৌতম ধোনি, কৃষ্ণনগর
সাসপেন্স থ্রিলার তো বটেই, একই সঙ্গে রুদ্ধশ্বাস কোর্টরুম ড্রামাও। আর উত্তম–সুচিত্রা জুটির ছবি যখন, রোমান্স ও রোমান্টিক গান তো তখন অবধারিত। ‘অগ্রদূত’ পরিচালিত, ১৯৫৫-এর সেই ‘সবার উপরে’ ছবির কাহিনি আবর্তিত কৃষ্ণনগরে হওয়া এক মহিলার খুনকে ঘিরে। ছবির শুটিংও হয়েছিল কৃষ্ণনগরে। আবার, অগ্রদূতের অন্যতম সদস্য নিতাই ভট্টাচার্যের বাড়ি নবদ্বীপে। সব মিলিয়ে, মহানায়কের প্রয়াণ দিবস, ২৪ জুলাই আসা মানেই উত্তমের স্মৃতিতে নস্ট্যালজিক হয়ে পড়েন কৃষ্ণনগর তথা নদিয়ার বহু মানুষ। তাঁদের অনেকে আরও একবার দেখেন সেই ছবি। একে উত্তম–সুচিত্রার ছবি, তার উপর ছবির পটভূমিকায় কৃষ্ণনগর। কখনও পুরোনো হয় না। সেই ছবির শুটিংয়ের অবসরে উত্তমকুমার আসতেন কৃষ্ণনগর কোর্ট স্ট্রিটের দত্ত বাড়িতে। তখন জেলার সব চেয়ে পুরোনো সিনেমা হল ‘চিত্রমন্দির’–এর মালিক প্রমথনাথ দত্তের বাড়ি। প্রমথনাথের শিশুপুত্র মিলনকে কোলে নিয়ে শুধু আদর নয়, মিলনকে একটা নামও দিয়েছিলেন উত্তমকুমার। মৃগাঙ্ক।