'সমাজ মাধ্যমে মন্তব্য করতে কোনও ট্যাক্স লাগে না, তাই...', বললেন ঋতুপর্ণা | Actress Rituparna Sengupta talks about social media trolling - 24 Ghanta Bangla News
Home

‘সমাজ মাধ্যমে মন্তব্য করতে কোনও ট্যাক্স লাগে না, তাই…’, বললেন ঋতুপর্ণা | Actress Rituparna Sengupta talks about social media trolling

Spread the love

সম্প্রতি ‘নেভারমাইন্ড’ ছবির টিমের তরফে আয়োজন করা হয়েছিল এক সুন্দর সন্ধ্যার। সেখানে যেমন উপস্থিত ছিলেন ছবির পরিচালক চৈতী ঘোষাল থেকে অভিনেতা অমর্ত্য রায়, তেমনই উপস্থিত ছিলেন বাংলার নামী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

অভিনেত্রী হিসাবে ঋতুপর্ণার জনপ্রিয়তা দশকের পর দশক ধরে তুঙ্গে। বহু পুরস্কার পেয়েছেন তিনি অভিনেত্রী হিসাবে। তা-ও বিভিন্ন কারণে সমাজ মাধ্যমে তাঁকে নিয়ে ট্রোলিং চোখে পড়ে। এই সন্ধেবেলা টিভি নাইন বাংলার সঙ্গে এই প্রসঙ্গে কথোপকথন করার সময়ে ঋতুপর্ণা বললেন, ”একটা জিনিস খেয়াল করার মতো, সমাজ মাধ্যমে মন্তব্য করতে কোনও ট্যাক্স লাগে না। সেই কারণে যে যা খুশি মন্তব্য করেন। তারকাদের আক্রমণ করে বেশি নজর কাড়া যায় বলে, নেগেটিভ মন্তব্য করার ট্রেন্ড চলছে। কিন্তু এতে আমি একটুও প্রভাবিত হই না। যেদিন সমাজ মাধ্যমে মন্তব্য করতে ট্যাক্স দিতে হবে, সেদিন দেখবেন, আর এরকম মন্তব্য করছেন না কেউ! শিল্পী হিসাবে আমার কাজ নতুন-নতুন সৃষ্টির অংশ হওয়া, আমি সেটাই করে যাব।”

ঋতুপর্ণা যোগ করেন, ”তা বলে এমন নয়, সমালোচনা বিমুখ আমি। অনেক ছবির ব্যাপারে অনেকে তাঁর দৃষ্টিভঙ্গি জানিয়েছেন, যা সব সময়ে আমার মতের সঙ্গে মেলেনি। কিন্তু সেই ব্যক্তির মতকে সম্মান করেছি। তবে অকারণে নেগেটিভ মন্তব্য করার বিরোধিতা করি। আরও একটা কথা বলব, আজকার বিভিন্ন অনুষ্ঠানে যে যেরকমভাবে পারেন, ফোনে একটা ছবি তুলে নেন। সেই ছবির গুণগত মান কেমন, তা দেখে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করতে অনুরোধ করব। বলিউড বা হলিউডে অধিকাংশ সময়ে তারকারা তাঁদের ছবি না দেখে নিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করতে দেন না। এই ব্যাপারে সকলকে একটু সচেতন হতে বলব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *