সবুজ রক্ষায় একাকী সৈনিক ‘গাছ দাদা’ - 24 Ghanta Bangla News
Home

সবুজ রক্ষায় একাকী সৈনিক ‘গাছ দাদা’

Spread the love

রাকিব ইকবাল, জয়পুর

পেশায় বেসরকারি স্কুলের শিক্ষক, যদিও তাঁর নেশা গাছ লাগানো। তবে আর পাঁচজনের মতো তিনি শুধু গাছের চারা বসিয়েই বাহবা কুড়োতে চান না। গাছের চারাগুলো যাতে মাথা তুলে দাঁড়াতে পারে, তার জন্য নিজের হাতে পরিচর্যা করেন। সন্তানের মতো গাছকে লালন পালন করেন। এ ভাবেই অসংখ্য গাছকে বড় করে তুলেছেন হাওড়ার আমতা ২ নম্বর ব্লকের বাসিন্দা সৌরভ মণ্ডল।

হাওড়ার সাবগাছতলা, জয়পুর, অমড়াগোড়ি, খালনা, বাগনান, দামোদরের শর্টকাট চ্যানেল প্রভৃতি এলাকায় তিনি ইতিমধ্যেই কয়েক হাজার গাছকে বড় করেছেন। হুগলির পশালপাই, চিংড়া এলাকাতেও গাছের চারা বসিয়েছে এবং নিয়মিত তার পরিচর্যাও করেন। সৌরভের হাতেই ছোট চারাগাছ থেকে মহীরুহে পরিণত হয়েছে বহু বট, অশত্থ ও মেহগনি। তার সুবাদে এলাকার মানুষ এখন তাঁর নাম দিয়েছেন ‘গাছ দাদা’।

গাছ লাগানো এবং তার পরিচর্যার কাজ যাতে সুচারু ভাবে হয় তার জন্য সৌরভ গড়ে তুলেছেন ‘সাহায্যের হাত বাড়িয়ে দাও’ নামে নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সৌরভের নেতৃত্বে পরিবেশ রক্ষার কাজে যুক্ত হয়েছেন এলাকার অসংখ্য যুবক-যুবতী। গাছ লাগানোর জন্য সৌরভ নিজেই তৈরি করে ফেলেছেন আস্ত একটা নার্সারি। নিজের নার্সারিতে গাছের চারা তৈরি করে সাধারণ মানুষের মধ্যে বিলি করেন। আবার নিজেও সময় পেলেই গাছ লাগাতে বেরিয়ে পড়েন।সৌরভ জানাচ্ছেন, হাওড়া গ্রামীণ জেলার শিয়াগোড়ি থেকে বাকসি সেতু পর্যন্ত দামোদরের শর্টকাট চ্যানেলের দুই পাড়ে প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে অসংখ্য গাছের চারা বসিয়েছেন।

গাছ লাগানোর পরে নিয়মিত তার পরিচর্যা করেন। সৌরভের কথায়, ‘শুধু গাছের চারা বসিয়ে দায়িত্ব সারলে হবে না। তা হলে আর গাছ বাঁচবে না। একটা গাছকে বাঁচিয়ে রাখতে সন্তানের মতো লালন পালন করতে হয়। গবাদি পশুদের হাত থেকে গাছকে রক্ষা করতে হলে জাল অথবা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দিতে হয়। মাঝে মধ্যেই গাছের গোড়ায় আগাছা পরিষ্কার করা দরকার। তবেই এক গাছ দ্রুত বেড়ে উঠবে।’

কথায় কথায় সৌরভ জানালেন, ‘একবার নদীর পাড়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে লাগানো অসংখ্য গাছ কেউ বা কারা নষ্ট করে দেয়। তখন প্রশাসনের সহায়তা নিয়ে ওই এলাকায় আমরা মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করি। তাতে অনেকটা কাজ হয়। সাধারণ মানুষই এখন গাছ রক্ষা করতে এগিয়ে আসছেন। তাঁরা নিজেরাই গাছের পরিচর্যা করছেন।’

সবুজ রক্ষার পাশাপাশি পাখিদের জন্য ফলের গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছেন সৌরভ। চলতি বছরে দামোদরের শর্টকার্ট চ্যানেলের দু’পাড়ে বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। তার জন্য চলছে চারা সংগ্রহের কাজ। সবুজ রক্ষার ব্যাপারে তাঁর এই আন্তরিকতার জন্য এলাকার মানুষ সৌরভকে কুর্নিশ জানাচ্ছেন। স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাশিস দীঘাঙ্গী বলেন, ‘সৌরভ গাছ অন্ত প্রাণ। ছোটবেলা থেকেই গাছের প্রতি ওঁর এই ভালোবাসা, ওঁকে আজ গাছ দাদাতে পরিণত করেছে। গাছ লাগিয়ে ছেলেটা থেমে থাকে না। সেই গাছ বাঁচাতে নিয়ম করে পরিচর্যা করে। পরিবেশ বাঁচাতে আমাদের সবারই সৌরভের মতো ভাবনা নিয়ে এগিয়ে আসা উচিত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *