Annapurna Yojana Verification: কেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ করতে চাইছেন না অঙ্গনওয়ারি কর্মীরা? | Why do Anganwadi workers not want to carry out the verification work for the Annapurna Yojana - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana Verification: কেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ করতে চাইছেন না অঙ্গনওয়ারি কর্মীরা? | Why do Anganwadi workers not want to carry out the verification work for the Annapurna Yojana

Spread the love

আরামবাগ: যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁদের অনেকেই কাঠগড়ায় তুলছেন তাঁদেরই। সে কারণে অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনরায় ভেরিফিকেশনের কাজ থেকে অব্যাহতি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার আরামবাগে এসডিও ও বিডিও অফিসে ডেপুটেশন জমা দিল ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন। একইসঙ্গে মা ও শিশুদের খাদ্যের গুণগত মান বাড়াতে অর্থ বরাদ্দ, বকেয়া ডিম ও সবজির বরাদ্দ-সহ একাধিক দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীরা মিছিলও করলেন। 

এদিন আরামবাগ এসডিপিও অফিস থেকে পদযাত্রা করে এসডিও ও বিডিও অফিসে পৌঁছান অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। শেষে প্রশাসনের কর্তাদের কাছে স্মারকলিপিও জমা দেন। ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের সদস্যদের অভিযোগ, অন্নপূর্ণা যোজনার ফর্মের পুনঃ ভেরিফিকেশনের সময় কোনও সরকারি আধিকারিক উপস্থিত থাকেন না। ফলে যাঁরা এখনও প্রকল্পের আর্থিক সুবিধা পাচ্ছেন না তাঁদের ক্ষোভের মুখে পড়ছেন অঙ্গনওয়াড়ি কর্মীরাই। তাঁদেরই দায়ী করা হচ্ছে। এর জেরে কর্মীদের প্রায়শই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। 

মিছিল থেকেই এক মহিলা বলেন, “এখন তো আমাদের দিয়ে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজ করানো হচ্ছে। আমরা কাজ করব না সেটা বলছি না। কিন্তু আমরা চাই আমাদের সঙ্গে সরকারি কোনও আধিকারিক থাকুক।”  

এছাড়াও এদিনের ডেপুটেশনে কর্মস্থলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মা ও শিশুদের জন্য খাদ্যের মানোন্নয়ন এবং সেই লক্ষ্যে বরাদ্দ অর্থ বৃদ্ধির দাবিও জানানো হয়। সংগঠনের প্রতিনিধিদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলি প্রশাসনের নজরে আনা হলেও এখনও স্থায়ী সমাধান মেলেনি। তাই কর্মীদের স্বার্থ রক্ষা এবং পরিষেবার মান আরও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। এখন প্রশাসনের তরফে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *