Accident in Burdwan: সাতসকালে বড়সড় দুর্ঘটনার কবলে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী, পুলিশ নিয়ে এল বর্ধমান মেডিকেলে | Malti Tudu, wife of Minister Khudiram Tudu, met with a major accident early in the morning
হাসপাতালে হল প্রাথমিক চিকিৎসা Image Credit: Tv9 Bangla
বর্ধমান: সাতসকালে দুর্ঘটনার মুখে মন্ত্রী ক্ষুদিরাম টুডুর স্ত্রী মালতি টুডু। ভাগ্যের জোরে বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন তাঁরা। সূত্রের খবর, বুধবার সকালে তিনি একটি গাড়ি করে বাঁকুড়ায় ফিরছিলেন। সেখানেই থাকেন তিনি। পূর্ব বর্ধমানের গলসির কাছে সারুল এলাকায় ফ্লাইওভারের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িকে। তবে চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। মাথায় ও হাতে চোট লেগেছে মালতি দেবীর। ড্রাইভার মঙ্গল মুর্মুর হাতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে।
চালক মঙ্গল মুর্মু বলছেন, বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়া ভাবে প্রথমে একটি ভ্যানকে তারপর তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। তিনি কোনওরকমে গাড়ির ব্রেক কষায় বড় বিপদ হয়নি। যদিও মালতি টুডু জানান, সামনে গাড়ি থাকলে আরও বড় বিপদ হতে পারতো। তিনি বলছেন, “লরিটা প্রথমে ভ্যানে ধাক্কা মারে। তারপর আমাদের গাড়িটাকে মারে। আমাদের সামনে কোনও গাড়ি ছিল না। যদি সামনে কোনও গাড়ি থাকতো তাহলে তার সঙ্গে ধাক্কা লাগতে পারতো। পরিস্থিতি আরও খারাপ হতে পারতো। কিন্তু ড্রাইভার কোনওরকমে রক্ষা করে। আমার মাথায় হালকা চোট লেগেছে। বাম হাতেও লেগেছে। সিটি স্ক্যান হয়েছে। রিপোর্টে কী আসে সেটা দেখা যাক।”
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশই তাঁদের বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে আসে। সেখানেই মালতি টুডুর প্রাথমিক চিকিৎসা হয়। মাথার সিটি স্ক্যান করা হয়েছে। হাতের এক্স রে-ও করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক চিকিৎসা হয়েছে ড্রাইভারেরও।