Madan on Abhishek: ‘ওটা মুখ্যমন্ত্রীর বিধানসভা, ২১ জুলাই বেশি গন্ডগোল হলে কিন্তু গুলি-গোলা চলবে’, হুঁশিয়ারি মদনের | Madan Mitra Launches Fresh Attack on Abhishek Banerjee, Makes Explosive Allegations During Facebook Live
কলকাতা: শিবির বদলানোর পর থেকেই বিস্ফোরক কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন। সব ধ্বংস হওয়ার পিছনে অভিষেকই রয়েছে বলে দাবি করেছেন তিনি। এবার অভিষেককে সরাসরি ‘খুনি’ বললেন মদন মিত্র। ফেসবুক লাইভে এসে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূল সাংসদ অভিষেককে। ২১ জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছা়ড়েননি মদন (Madan Mitra Attacks Abhishek Banerjee)।
বিস্ফোরক অভিযোগ মদন মিত্রের
রবিবার ফেসবুকে একটি লাইভ করেন মদন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, “এই যে দিদিমণি, যুবরাজ, কে দালাল সবাইকে আমি চিনি। একমাত্র মদন মিত্র ছাড়া সবাই দালাল।” এরপরই সরাসরি অভিষেককে আক্রমণ করেন তিনি। তুই -তোকারি পর্যন্ত করেন। বলেন, “একটা কথা অভিষেককে বলি। আমাকে চমকে-ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার গিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। কয়েকদিন আগেও আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল। গুলি চালিয়েছে। আমি এগুলোকে পাত্তা দিই না। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলি আপনারা যা বলছেন বলুন। আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে।মদন মিত্র চমকাবে না।”
‘খুনি অভিষেক’
এরপরই অভিষেককে খুনি বলে আক্রমণ করেন মদন। বলেন, “অভিষেক আপনি তো ক্রিমিনাল। আপনি তো খুনি, পয়সা দিয়ে খুন করেন। অপরাধের প্রবৃত্তি রয়েছে আপনার। ২১ জুলাই নিয়েও কালীঘাট তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, “২১ জুলাই সকালে দুজনের মিছিল বেরোবে। একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, আরেকটা শুভেন্দু অধিকারীর। মমতা বন্দ্যোপাধ্যায়েরও নই, শুভেন্দুরও নই। ওটা মুখ্যমন্ত্রীর বিধানসভা। ওখানে সকালে বেশি গন্ডগোল হলে কিন্তু গুলি-গোলা চলবে।”
মদনের বিস্ফোরক মন্তব্যের বিষয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন,”অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু উনি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দুর মিছিল বেরোবে। এটা তো অপ্রকৃতস্থ মন্তব্য। আর আমরা জানি তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই খুনি। এতে আলাদা কি আছে? এটা তো আমাদের জানা।