india’s First Dengue Vaccine: প্রথম ডেঙ্গি ভ্যাকসিন পেল ভারত, কারা নেবেন, ক’টা ডোজ- সব জানুন | India Approves First Dengue Vaccine QDENGA, Who Can Take it? How Many Doses Required, All Details
নয়া দিল্লি: ডেঙ্গু প্রতিরোধে ভারতের বড় পদক্ষেপ। ভারতে অনুমোদন পেল প্রথম ডেঙ্গি ভ্যাকসিন। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন কিউডেঙ্গা (TAK-003) ভ্যাকসিনে অনুমোদন দিল। এতে দেশের সাধারণ মানুষ ডেঙ্গি সংক্রমণ থেকে সুরক্ষা পাবে।
কী এই ভ্যাকসিন?
বিগত দুই দশক ধরেই ভারতে ডেঙ্গির প্রকোপ বাড়ছে। সেই সংক্রমণ প্রতিরোধে এই ভ্যাকসিন কার্যকরী। কিউডেঙ্গা (QDENGA) হল একটি জীবিত কিন্তু দুর্বল (লাইভ-অ্যাটেনুয়েটেড) টেট্রাভ্যালেন্ট ভ্যাকসিন। অর্থাৎ এটি ডেঙ্গি ভাইরাস সেরোটাইপ (DENV-1, DENV-2, DENV-3 and DENV-4) থেকে সুরক্ষা দেবে। জাপানের ফার্মাসিউটিক্যাল কোম্পানি তাকেডা (Takeda)-র প্রস্তুত করা এই ভ্য়াকসিন।
ভ্যাকসিনে কী লাভ হবে?
প্রস্তুতকারী সংস্থার দাবি, এই ভ্যাকসিন দিলে, ডেঙ্গির সব প্রকার থেকেই প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। উপসর্গযুক্ত ডেঙ্গি সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এড়ানো যাবে।
কতদিন বাদে ভ্যাকসিন নিতে হবে?
ডেঙ্গি ভ্যাকসিনের দুটি ডোজ নিতে হবে। তিন মাসের ব্যবধানে এই ভ্যাকসিন দিতে হবে।
কত বছর বয়সীরা এই ভ্যাকসিন নিতে পারবেন?
৪ বছর থেকে ৬০ বছর বয়সীরা এই ভ্যাকসিন নিতে পারবেন। কোনও ব্যক্তির আগে ডেঙ্গি হলেও তিনি এই ভ্য়াকসিন নিতে পারবেন।
আগে যে ডেঙ্গির ভ্যাকসিনগুলি ছিল, যেমন ডেঙ্গভ্যাক্সিয়া (Dengvaxia), তার মতো এই ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে কোনও রক্ত পরীক্ষা করাতে হবে না তাদের আগে ডেঙ্গি হয়েছিল কি না, তা জানার জন্য।
কোথায় কোথায় অনুমোদিত এই ভ্যাকসিন?
জানা গিয়েছে, এই ভ্যাকসিন ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রিটেন, ব্রাজিল, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা সহ ৪০টিরও বেশি দেশে অনুমোদন পেয়েছে। ৩২ মিলিয়ন ডোজ দেওয়া হয়েছে বিশ্বজুড়ে। ভারতেও এই ভ্যাকসিন অনুমোদন পেল এবার। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে যে দেশগুলিতে ডেঙ্গির প্রকোপ রয়েছে, সেখানে ডেঙ্গি নিয়ন্ত্রণে এই ভ্যাকসিন কার্যকরী হবে।
ভারতেও তৈরি হবে ডেঙ্গি ভ্য়াকসিন-
ভারতেও এই ভ্যাকসিন উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, জাপানি সংস্থা তাকেডা ভারতীয় ভ্যাকসিন উৎপাদনকারী বায়োলজিক্যাল ই (Biological E)-র সঙ্গে হাত মিলিয়ে ভারতে ভ্যাকসিন তৈরি করা হবে।