Accenture Salary: বেতন বৃদ্ধি দুই ধাপে, স্যালারি পাবেন ক্যাশে! বড় সিদ্ধান্ত তথ্যপ্রযুক্তি সংস্থার | Accenture Changes Salary Hike Policy: Half of Increment Added to Base Pay, Remaining Paid as One Time Cash
নয়া দিল্লি: কর্মীদের বেতন বৃদ্ধির নিয়মে বড় পরিবর্তন আনল তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাক্সেঞ্চার। নতুন নীতিতে যাঁদের বেতন বাড়বে, তাঁদের ইনক্রিমেন্টের কিছুটা অংশ যুক্ত হবে মূল বেতনে (Base Salary)। তাহলে বাকি টাকা কীভাবে পাবেন কর্মীরা? জানা যাচ্ছে, বাকি টাকা নগদ হিসেবে দেওয়া হবে। সংস্থার জুন মাসের স্যালারি রিভিউর (Salary Review) অংশ হিসেবে এই নতুন নিয়ম কার্যকর হবে। বিশ্বের সব কর্মীর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। ভারতেই অ্যাক্সেঞ্চারে কর্মীর সংখ্যা সাড়ে তিন লক্ষ।
কীভাবে কাজ করবে নতুন নিয়ম?
বেতন কাঠামোর নতুন নিয়ম অনুযায়ী, দুই ধাপে বেতন বৃদ্ধি পাবে। ইনক্রিমেন্টের ৫০ শতাংশ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। বাকি ৫০ শতাংশ জুন মাসে এককালীন নগদ হিসেবে দেওয়া হবে। ধরা যাক, কোনও কর্মীর ৩ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে। সেক্ষেত্রে, ১.৫ শতাংশ তাঁর বেসিক স্যালারিতে যোগ হবে। বাকি ১.৫ শতাংশ জুন মাসে এককালীন অর্থ হিসেবে পাবেন তিনি।
কেন এই সিদ্ধান্ত?
সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, একটি বিশেষ বিজ্ঞপ্তিতে অ্যাক্সেঞ্চার জানিয়েছে, এই নতুন ব্যবস্থার লক্ষ্য হল কর্মীদের হাতে দ্রুত নগদ পৌঁছে দেওয়া। একই সঙ্গে আরও বেশি সংখ্যক কর্মীকে মূল বেতন বৃদ্ধির আওতায় আনা। সংস্থার দাবি, গত বছর একই পদে থাকা কর্মীদের মধ্যে সীমিত সংখ্যক বেতন বৃদ্ধি পেয়েছিল। এই বছর ইনক্রিমেন্টকে দুই ভাগে ভাগ করায় আরও বেশি কর্মী বেসিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন।
পদোন্নতির ক্ষেত্রে কী হবে?
ইনক্রিমেন্টের ক্ষেত্রে বেতন পরিকাঠামো পরিবর্তন হলেও পদোন্নতি বা প্রমোশনের ক্ষেত্রে আগের নিয়মই থাকছে। অ্যাক্সেঞ্চার স্পষ্ট করে জানিয়েছে, পদোন্নতির (Promotion) ফলে যে বেতন বৃদ্ধি হবে, তা আগের মতোই পুরোটাই মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। এছাড়া জুন মাসের এককালীন নগদ অর্থ সংস্থার ডিসেম্বরের বার্ষিক বোনাস থেকে সম্পূর্ণ আলাদা থাকবে। সংস্থার বক্তব্য, কর্মীদের দক্ষতা, কাজের মান এবং আচরণের ভিত্তিতেই বেতন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
কর্মীদের প্রতিক্রিয়া
নতুন বেতন কাঠামো নিয়ে কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ জানতে চেয়েছেন, এই ব্যবস্থা শুধুমাত্র চলতি বছরের জন্যই কি না। আবার অনেকের প্রশ্ন, জুন মাসে দেওয়া এককালীন অর্থের উপর কীভাবে কর (Tax) ধার্য হবে। এই বিষয়ে সংস্থার তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।