পৃথিবীর নিজস্ব খেলাঘরে চলছে ফাইনাল, নির্ঘুম রাত আর পাহাড়প্রমাণ জেদের বিশ্বকাপ
বিশ্বকাপ মানে অবশ্যই কয়েকটা নির্ঘুম রাত, কয়েকটা অবিস্মরণীয় গোল, কিছু হাসি, কিছু কান্না, কিছু চিরকাল মনে রাখার মতো ছবি। কিন্তু বিশ্বকাপ মানে আবার নতুন ইতিহাস লেখা, আবার ইতিহাস ভেঙে ফেলাও। বিশ্বকাপ মানে খাপ খোলা তরোয়ালের ধার মেপে নেওয়া, মরার আগে না মরার প্রতিজ্ঞা। ‘হঠাৎ কখন সন্ধ্যাবেলায়/ নামহারা ফুল গন্ধ এলায়…’— সেই অচেনা গন্ধের মতোই বিশ্বকাপও ছড়িয়ে দেয় আবেগের এক অনির্বচনীয় রেশ। সেই গন্ধে, বর্ণে, ছন্দে হাসা, ভাসা, ডুবে যাওয়ার জেদ খেলা করে। পাহাড়প্রমাণ সেই জেদকে আপনি বিশ্বকাপ বলে ডাকলে ডাকুন।