SIP Investment: SIP-তে বিনিয়োগ করেন? ১০-১০-১০ নিয়ম জানেন? অল্প বিনিয়োগেই রিটার্ন মিলবে তিন গুণ | What is the 10 10 10 SIP Rule, A Smart Investment Strategy for Long Term Wealth Creation
নয়া দিল্লি: SIP-তে বিনিয়োগ করেন? বা বিনিয়োগের (SIP Investment) কোনও পরিকল্পনা রয়েছে? তার আগে বিনিয়োগের সঠিক নিয়ম জানা জরুরি। একেবারে বেশি টাকা বিনিয়োগ নাকি অল্প অল্প বিনিয়োগ, কোন ক্ষেত্রে লাভ বেশি, তা বিনিয়োগের আগে জেনে নেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগ করার ক্ষেত্রে ১০-১০-১০ এসআইপি নিয়ম (SIP 10-10-10 Rules) লাভজনক। এটি এমন একটি সহজ বিনিয়োগ কৌশল, যা দীর্ঘমেয়াদে বড় ফান্ড গড়তে সাহায্য করতে পারে।
কী এই ১০-১০-১০ এসআইপি?
এই নিয়মে তিনটি সহজ বিষয় রয়েছে।
- অন্তত ১০ বছর ধরে SIP চালিয়ে যেতে হবে।
- বিনিয়োগের পরিকল্পনার সময় গড়ে ১০ শতাংশ বার্ষিক রিটার্ন ধরে হিসাব করতে হবে।
- প্রতি বছর SIP-র পরিমাণ ১০ শতাংশ করে বাড়াতে হবে।
অর্থাৎ, আপনার আয় যেমন বাড়বে, তেমনই ধীরে ধীরে SIP-এ বিনিয়োগের পরিমাণও বাড়াতে হবে।
কীভাবে কাজ করে এই নিয়ম?
ধরা যাক, আপনি আজ থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা SIP শুরু করলেন। সেক্ষেত্রে ১০-১০-১০ নিয়ম অনুযায়ী প্রথম বছরে প্রতি মাসে ১০ হাজার বিনিয়োগ করতে হবে। দ্বিতীয় বছর, প্রতি মাসে ১১ হাজার, একইভাবে তৃতীয় বছর ১২ হাজার ১০০ টাকা, চতুর্থ বছর ১৩ হাজার ৩১০ টাকা। এভাবেই প্রতি বছর মাত্র ১০ শতাংশ করে SIP বাড়াতে হবে।
কতটা লাভ হতে পারে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি কেউ ১০ বছর ধরে প্রতি মাসে ১০ হাজার টাকা SIP করেন এবং গড়ে ১০ শতাংশ বার্ষিক রিটার্ন পান, তাহলে ১০ বছর পর আপনি পাবেন ২০ লক্ষের বেশি। কিন্তু, যদি একই ব্যক্তি প্রতি বছর SIP-এর পরিমাণ ১০ শতাংশ করে বাড়ান, তাহলে ১০ বছর পরে তাঁর ফান্ড বেড়ে প্রায় ৩০.৪৫ লক্ষ টাকা হতে পারে। অর্থাৎ, শুধু প্রতি বছর SIP বাড়ানোর ফলে প্রায় ১০ লক্ষ টাকার অতিরিক্ত ফান্ড তৈরি হতে পারে।
তবে মনে রাখতে হবে, এটি শুধুমাত্র একটি উদাহরণ। মিউচুয়াল ফান্ডের রিটার্ন সম্পূর্ণভাবে মার্কেটের উপর নির্ভরশীল এবং রিটার্নের কোনও নিশ্চয়তা নেই।
কম্পাউন্ডিং কী?
কম্পাউন্ডিং (Compounding) হল এমন একটি প্রক্রিয়া, যেখানে আপনি শুধু মূল বিনিয়োগের উপরই নয়, আগের অর্জিত লাভের উপরও লাভ পান। তাই যত বেশি সময় ধরে বিনিয়োগ করলে দ্রুত আপনার সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে।
নিয়মিত SIP এবং ধৈর্য ধরে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে বড় ফান্ড গড়ে তোলা সম্ভব। বিশেষ করে প্রতি বছর বেতন বাড়লে সেই অনুপাতে SIP বাড়ানোও সহজ হয়। ফলে ভবিষ্যতে বাড়ি কেনা, সন্তানের উচ্চশিক্ষা বা অবসর জীবনের মতো বড় আর্থিক লক্ষ্য পূরণে এই কৌশল কার্যকর হতে পারে। তবে, বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।