Jalpaiguri: ভাঙছে তৃণমূল, শক্তি বাড়ছে সিপিএমের, জলপাইগুড়িতে দাপট বাড়ছে লাল পতাকার | Around 150 people allegedly left the Trinamool Congress and joined CPI(M) in Jalpaiguri
তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদানImage Credit: TV9 Bangla
জলপাইগুড়ি: বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকেই তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। একাধিক শিবিরে বিভক্ত। নিচুতলায়ও নেতারা ছন্নছাড়া। কর্মীদের পাশে ঘাসফুল নেতারা থাকছেন না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় শক্তি বাড়ছে বামেদের। সেই ছবিই এবার দেখা গেল জলপাইগুড়িতে। তৃণমূল ছেড়ে প্রায় ১৫০ জন যোগ দিলেন সিপিএমে।
জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ সংলগ্ন পরেশপল্লি এলাকায় রবিবার বিকেলে এক অনারম্বর সভায় এই এলাকার মানুষ তৃনমূল ছেড়ে লাল পতাকা হাতে তুলে নেন। জানা গেছে নতুন সরকার আসার পর এলাকার বহু মানুষের কাজ চলে গিয়েছে বিভিন্ন অজুহাতে। অধিকাংশ মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, বৃদ্ধ ভাতা পাচ্ছেন না এলাকার বয়স্ক নাগরিকরা। উন্নয়নের থেকে বঞ্চিত এই এলাকা। পালাবদলের পর পাশে নেই তৃনমূল নেতারা। ফলে আগামী দিনে সিপিএমের পাশে থাকার অঙ্গীকার করেছেন তারা। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সদ্য কাজ হারানো ২০ জন যুবক-যুবতী। সিকিউরিটি এজেন্সির টেন্ডার বিলম্বের কারণ দেখিয়ে এদেরকে ছাটাই করে দেওয়া হয়েছে।
তাদের দাবি কাজ ফিরে পাওয়ার লড়াইয়ে লাল ঝান্ডাকে পাশে পেতে চান তারা।*
সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার জানিয়েছেন, আমাদের পার্টিতে আরম্বর করে যোগদানের কোনো বিষয় নেই। সিপিআই(এম) পার্টি সবসময় খেটে খাওয়া মানুষের জন্য লড়াইয়ে রাস্তায় থাকে। আর এ লড়াইয়ে যারা আমাদের সঙ্গে থাকতে চান তারা আসতেই পারেন। এখানেও তাই হয়েছে। নতুন করে যোগদানের কোন বিষয় নেই।