জল থেকে বাঁচতে ইটের উপরে চেয়ার তুলে কাজ কর্মীদের
এই সময়, তমলুক: বৃষ্টি থেমেছে। কিন্তু, পূর্ব মেদিনীপুরের জেলা স্কুল পরিদর্শকের (মাধ্যমিক) দপ্তর থেকে জমা জল এখনও নামেনি। অভিযোগ, তমলুক শহরের মানিকতলার ওই দপ্তর গত প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন। বেহাল নিকাশি ব্যবস্থা ও জমা জল বের করার কোনও ব্যবস্থা না-করায় অফিসের ভিতরেই জল থইথই করছে। ফলে, জল ঠেলেই অফিসে ঢুকতে হচ্ছে। ইটের উপরে টেবিল-চেয়ার উঁচু করে কিংবা জলের মধ্যেই বসে কাজ সারতে বাধ্য হচ্ছেন কর্মীরা। ভোগান্তির শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা শিক্ষক-শিক্ষিকারাও।