Gyanesh Kumar on Mamata Banerjee: ‘ভাইকে যা বলার বলেছেন…’, মমতার কথা শুনেই মুচকি হেসে জ্ঞানেশ কুমার বললেন | CEC Gyanesh Kumar reacts on Mamata Banerjee after Bengal Election
মমতা প্রসঙ্গে জ্ঞানেশ কুমারImage Credit: PTI
নয়া দিল্লি: ২৬-এর বিধানসভা নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়া ঘোষণা হয়। নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে রাজ্যে সেই সময় ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের সংঘাতের সেই শুরু। বারবার কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। যত দিন এগিয়েছে, প্রচারে হোক বা জনসভায় কমিশনের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা যায় মমতাকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি নির্বাচন কমিশন তথা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। এবার মিটেছে ভোট। বদলেছে সরকার। কী বলছেন জ্ঞানেশ কুমার?
সূত্রের খবর, সম্প্রতি এই বিষয়ে কথা বলতে গিয়ে ঘনিষ্ঠ মহলে জ্ঞানেশ কুমার বলেছেন, “ভেবেছিলাম উত্তর দেব। কিন্তু বাংলার জনগণই উত্তর দিয়ে দিয়েছে।” সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের নিয়ে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও উঠে আসে। জ্ঞানেশ কুমার হেসে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তো দিদি, ভাই কে যা বলার বলেছেন। আমি কী উত্তর দেব, বাংলার মানুষই সেই জবাব দিয়ে দিয়েছে।” এ কথা বলে মুচকি হাসেন জ্ঞানেশ কুমার।
শুধু মৌখিক আক্রমণ নয়, নির্বাচনের আবহে জ্ঞানেশ কুমারের উদ্দেশে একাধিক চিঠিও পাঠিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তিনি নিজে কমিশনে গিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে। বেরিয়ে বলেছিলেন, “এরকম মিথ্যাবাদী কমিশন আমি কখনও দেখিনি। বহুদিন রাজনীতি করেছি, এরকম ঔদ্ধত্য আগে দেখিনি আমি।” কমিশনকে অহঙ্কারী বলেও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।