ডেটিং অ্যাপ নয়, বাজার করতে করতেই প্রেম, গোলাপি ঝুড়ি হাতে কেন সঙ্গী খুঁজছেন সিঙ্গলরা?
এই ট্রেন্ড কি নতুন?
এর আগেও ইউরোপে এক সুপারমার্কেটকে ঘিরে এমন একটি ট্রেন্ড ভাইরাল হয়েছিল। ২০২৪ সালে স্পেনে অনেক সিঙ্গল নিজের শপিং ট্রলিতে উল্টো করে আনারস রাখতেন। সেটিই ছিল ইঙ্গিত— তিনি নতুন সম্পর্কে আগ্রহী। এমনকি সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘন্টার সময়কে অনেকেই মজার ছলে ‘ডেটিং আওয়ার’ বলতেন।
হঠাৎ বাজারেই প্রেম কেন?
বিশেষজ্ঞদের মতে, এর পিছনে রয়েছে ‘ডেটিং অ্যাপ ফ্যাটিগ’। বছরের পর বছর সোয়াইপ, ম্যাচ আর একই ধরনের চ্যাট করতে করতে ক্লান্ত জেন জ়ি-র একাংশ। তাই এখন অনেকেই এমন জায়গায় নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চাইছেন, যেখানে আলাপটা স্বাভাবিক ভাবে শুরু হতে পারে। বাজার করতে গিয়ে একই সব্জির সামনে দাঁড়িয়ে কথা বলা অনেকের কাছেই এখন একটি মেসেজ পাঠানোর চেয়ে বেশি সহজ মনে হচ্ছে।
বদলাচ্ছে ডেটিংয়ের ধরনও
এখন শুধু সুপারমার্কেট নয়, বুক ক্লাব, ট্র্যাভেল গ্রুপ, সাইক্লিং কমিউনিটি অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। ভারতেও এই প্রবণতা ধীরে ধীরে বাড়ছে। অনেকেই এখন ডেটিং অ্যাপের বদলে বাস্তবে সময় কাটাতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
শুধু ট্রেন্ড নয়, বদলাচ্ছে জীবনযাপনও
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন শুধু প্রেমের নয়। তরুণ প্রজন্ম ধীরে ধীরে স্ক্রিনের বাইরে সময় কাটাতে চাইছে। বই পড়া, ডায়েরি লেখা, ক্যামেরায় ছবি তোলা কিংবা অফলাইনে মানুষের সঙ্গে মেশা— এই অভ্যাসগুলো আবার ফিরে আসছে। জেন জ়ি কি তা হলে এখন ‘অ্যানালগে’ ফিরতে চাইছে?