ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেফতার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী মনজোত কালরা
বাবান আদক, কলকাতা ডেস্ক: ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেই চোখধাঁধানো শতরান আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন। বর্তমান ভারতীয় দলের অধিনায়ক শুভমন…

বাবান আদক, কলকাতা ডেস্ক: ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সেই চোখধাঁধানো শতরান আজও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে অমলিন। বর্তমান ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিলের একসময়ের সতীর্থ তিনি। কিন্তু ক্রিকেটের সেই উজ্জ্বল আলো থেকে এবার একেবারে ম্যাচ গড়াপেটার অন্ধকার জগতে তলিয়ে গেলেন মনজোত কালরা (Manjot Kalra)। ক্রিকেটার থেকে লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি মালিক হয়ে ওঠা ভারতের এই প্রাক্তন যুব তারকাকে খেলোয়াড়দের ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার ক্রীড়া দুর্নীতি দমন শাখা।
এলপিএল-এর ষষ্ঠ সংস্করণ শুরু হওয়ার ঠিক কয়েক ঘণ্টা আগে জাফনা কিংস ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার মনজোতকে একটি হোটেল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। শ্রীলঙ্কার ক্রীড়া দুর্নীতি দমন ইউনিটের ইনস্পেক্টর সুপুন ভিদানাগে জানিয়েছেন, এক ক্রিকেটারকে প্রায় ৯.৫ মিলিয়ন শ্রীলঙ্কান রুপি (প্রায় ২৮,৭০০ মার্কিন ডলার) ঘুষ দেওয়ার ঠিক আগের মুহূর্তেই তাঁকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, টুর্নামেন্ট শুরুর প্রায় দশ দিন আগে এক খেলোয়াড়কে এই অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন মনজোত। ওই ক্রিকেটার সঙ্গে সঙ্গে পুলিশকে বিষয়টি জানান এবং পাতা হয় ফাঁদ।
তদন্তে আরও উঠে এসেছে যে, ওই ক্রিকেটার ছাড়াও আরও দু’জনকে একই প্রস্তাব দিয়েছিলেন মনজোত।
এই চাঞ্চল্যকর গ্রেপ্তারির পরেও লঙ্কা প্রিমিয়ার লিগের সূচিতে কোনও বদল হচ্ছে না। পূর্বনির্ধারিত সূচি মেনেই জাফনা কিংস এবং গল টাইটান্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড একটি কড়া বিবৃতিতে জানিয়েছে, টুর্নামেন্টের স্বচ্ছতা ও মর্যাদা রক্ষায় তারা বদ্ধপরিকর এবং দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না।
লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্নীতির ছায়া অবশ্য নতুন নয়। এর আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে ডাম্বুলা থান্ডার্স ফ্র্যাঞ্চাইজির মালিক তামিম রহমানকে চার বছরের কারাবাসের সাজা শুনিয়েছিল আদালত। একসময় যাঁর ব্যাটে ভবিষ্যতের তারকা খোঁজার স্বপ্ন দেখেছিল ভারত, আজ সেই মনজোত কালরাই ক্রিকেট দুর্নীতির এক ঘৃণ্য মুখ। বাইশ গজ থেকে দুর্নীতির এই অন্ধকার গলিতে পতন আধুনিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের এক নির্মম পরিণতি।
