বিধ্বংসী আগুনে ছারখার ইলেকট্রিক স্কুটারের শো-রুম
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি ইলেকট্রিক স্কুটারের শো-রুম। শুক্রবার বিকেলে হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে নরেন্দ্র মোড়ে একটি ইলেকট্রিক স্কুটারের শো-রুমে আগুন লাগে। সূত্রের খবর, আচমকা শো-রুমের ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা শো-রুমে। দমকলের দু’টি ইঞ্জিন এসে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সে ভাবে জানা যায়নি। কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।