আমিরের বক্তব্যের পরেই সোনমকে নিয়ে কিরণের পোস্ট, কী লিখলেন পরিচালক?
সম্প্রতি আমির খান স্পষ্ট করে জানিয়েছেন, ‘থ্রি ইডিয়টস’ ছবির র্যাঞ্চো বা ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন নিয়ে নির্মিত নয়। আমিরের মন্তব্যের পরে এ বার নিজের ভাবনা জানালেন অভিনেতার প্রাক্তন স্ত্রী তথা পরিচালক কিরণ রাও। তিনি সমর্থন জানালেন লাদাখের শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে।
দিল্লির জন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন করছেন সোনম ওয়াংচুক। লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনা এবং পরিবেশ ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার দাবিতে তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাঁর অনশন ইতিমধ্যেই ২০ দিনে পৌঁছেছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোনমের এই আন্দোলনকে সমর্থন করা হয়েছে।
কিরণ রাও ইনস্টাগ্রাম স্টোরিতে সোনমের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘প্রিয় সোনম, আমাদের উদাসীনতা থেকে জাগিয়ে তোলার জন্য গোটা দেশ আপনার কাছে ঋণী। আপনার নিরলস প্রচেষ্টা আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি, মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব কতটা গভীর।’ তিনি আরও প্রশ্ন তোলেন, ‘ক্ষমতায় থাকা মানুষদের এই কণ্ঠস্বর শুনতে আর কতটা সময় লাগবে?’ একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানা, যাতে আন্দোলনকারীদের সঙ্গে দ্রুত আলোচনায় বসা যায়।
কয়েকদিন আগে আমির বলেছিলেন, বহু বছর ধরে প্রচলিত ধারণার বিপরীতে ‘থ্রি ইডিয়টস’-এর র্যাঞ্চো চরিত্রটি সোনম ওয়াংচুককে মাথায় রেখে তৈরি করা হয়নি। তবে তিনি এও স্পষ্ট করেন যে, চরিত্রের সঙ্গে সম্পর্ক থাকুক বা না থাকুক, সোনম ওয়াংচুকের কাজের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে। পাশাপাশি তাঁর স্বাস্থ্যের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেতা