১১১ দিনের অনশনেও টলানো যায়নি তাঁকে, গঙ্গার জন্য প্রাণ দিয়েছেন IIT-র এই অধ্যাপক, কে ছিলেন জিডি আগরওয়াল?

‘এই অনশন শেষ হবে আমার মৃত্যুর মধ্য দিয়েই’- ডক্টর গোপাল দাস আগরওয়ালের (GD Agarwal) এই কথা এখনও হয়তো অনেকেই মনে রেখেছেন। সম্প্রতি সোনাম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন নিয়ে যখন গোটা দেশ তোলপাড়। ঠিক সেই সময়েই আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রফেসর গোপাল দাস আগরওয়াল। যার মৃত্যুতে শেষ হয়েছিল একটি আন্দোলন। কে ছিলেন ডক্টর আগারওয়াল?

সোশ্যাল অ্যক্টিভিস্ট হিসেবেই নয়, বরং তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী। আইআইটি কানপুরের প্রাক্তন অধ্যাপক এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) প্রথম সদস্য-সচিব।

তবে আইআইটিতে তাঁর কর্মজীবনের শেষে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তাঁর নাম হয়, স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। সন্ন্যাস গ্রহণের পরেই তিনি পুরোদস্তুর পরিবেশ রক্ষার জন্য লড়াই চালিয়ে যান। গঙ্গার স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষার দাবিতে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন।

১৯৩২ সালের ২০ জুলাই উত্তরপ্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন গোপাল দাস আগরওয়াল। তিনি তৎকালীন ইউনিভার্সিটি অফ রুরকি (বর্তমান আইআইটি রুরকি) থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন।

পরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং বার্কলে থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। দেশে ফিরে তিনি আইআইটি কানপুরে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। এরপর দীর্ঘদিন সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি জি ডি আগারওয়াল দেশের পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু শেষ পর্যন্ত পরিবেশ বাঁচাতেই তিনি প্রাণ দিয়েছিলেন। ২০১৮ সালে টানা ১১১ দিন তিনি অনশন করেন। তবে অনশন শেষে তাঁর মৃত্যু হয়।

গঙ্গা রক্ষার আন্দোলনই তাঁকে সাধারণ মানুষের কাছে সবচেয়ে বেশি পরিচিত করে তোলে। তাঁর বিশ্বাস ছিল, গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, ভারতীয়দের জীবনের উৎস।

কিন্তু গঙ্গার স্বাভাবিক প্রবাহকে রোধ করে তৎকালীন সরকার অনেকগুলি জলবিদ্যুৎ প্রকল্প ও বাঁধ নির্মাণ করেন। এরই বিরোধিতায় ২০০৮ সালে উত্তর কাশীতে প্রথম অনশনে বসেন তিনি।

এরপর ২০০৯ সালে গঙ্গা-ভাগীরথী নদীর উপর লোহারিনাগ পালা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ শুরু হলে তার বিরুদ্ধে ৩৬ দিনের অনশন চালিয়ে সরকারকে সেই প্রকল্প বন্ধ করতে বাধ্য করেন তিনি।

এখানেই থামেননি তিনি। একাধিকবার কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি লিখে গঙ্গা সংরক্ষণের দাবি জানান জি ডি আগারওয়াল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তিনি একাধিক চিঠি পাঠিয়েছিলেন এবং গঙ্গা ও তার শাখা নদীগুলির উপর তৈরি হওয়া প্রকল্পগুলি বন্ধ করার আবেদন জানান। গঙ্গা প্রোক্টেট অ্যাক্ট (Ganga Protection Act) আনার দাবি জানান।

২০১৮ সালের ২২ জুন তিনি শেষ বারের মতো আমরণ অনশন শুরু করেন। গঙ্গার পরিবেশ রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করেন তিনি। এই অনশন টানা ১১১ দিন চলেছিল।

শেষদিকে তিনি খাবার, ওষুধ এমনকী জল খাওয়াও বন্ধ করে দেন। অবশেষে ১১ অক্টোবর ২০১৮ সালে ঋষিকেশের AIIMS-এ ৮৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। অনশনে বসার আগে তিনি বলেছিলেন, ‘এই অনশন শেষ হবে আমার মৃত্যুর মধ্য দিয়েই।’