মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কান্না ডোমজুড়ে খুন হওয়া কিশোরীর মায়ের
মা জানিয়েছেন, তাঁদের দোতলা বাড়ির এক তলায় দু’টি ঘরে কয়েক জন যুবককে থাকার জন্য ভাড়া দিয়েছিলেন তাঁরা। সেখানে মোট চার জন থাকলেও, অন্য কাউকে নিয়ে কখনও কোনও সমস্যা হয়নি।
সমীর নামের ছেলেটি কিছুদিন আগে তাঁর মেয়ের মোবাইলে মেসেজ করে প্রেমের প্রস্তাব পাঠায়। কিন্তু ছাত্রী রাজি ছিল না। সে তার মাকে সব জানায়। সমীরকে এ সব করতে মানা করেন গৃহকর্ত্রী। অভিযোগ, তাতেও থামেনি ওই যুবক। সে লাগাতার মেসেজ পাঠাতেই থাকে। তার ফোন নম্বর ব্লক করে দিয়েছিল কিশোরী। তার পরেও অন্য ভাবে ওই যুবক উত্ত্যক্ত করতে শুরু করে ছাত্রীকে। এর পরে বাধ্য হয়েই মাস খানেক আগে ওই যুবককে বাড়ি ছাড়তে বলেন গৃহকর্ত্রী। সেই মতো অন্যত্র চলে যায় বীরভূমের ময়ূরেশ্বরের বাসিন্দা সমীর। কিন্তু প্রেমে ব্যর্থ হওয়ার জন্য সে যে এই ভাবে প্রতিহিংসা মেটাতে পারে, তা সম্ভবত স্বপ্নেও কল্পনা করতে পারেনি ছাত্রীর পরিবার।