বাড়িতে ঢুকে বাসিন্দাদের কামড় অর্ধনগ্ন বিদেশির, চাঞ্চল্যকর কাণ্ড বারাণসীতে - 24 Ghanta Bangla News
Home

বাড়িতে ঢুকে বাসিন্দাদের কামড় অর্ধনগ্ন বিদেশির, চাঞ্চল্যকর কাণ্ড বারাণসীতে

Spread the love

চিৎকার করতে করতে যে ঘরে ইচ্ছে সেই ঘরে ঢুকে পড়ছিলেন। কেউ বাধা দিলে তাঁকে কামড়েও দিচ্ছিলেন বলে অভিযোগ। এক বিদেশি নাগরিকের এমনই তাণ্ডবে ব্যাপক আতঙ্ক ছড়াল উত্তরপ্রদেশের বারাণসীতে। অভিযোগ, ওই ব্যক্তি একাধিক বাড়িতে জোর করে ঢুকে ভাঙচুর চালান, বাসিন্দাদের উপর হামলা করেন এবং একজনকে কামড়েও দেন। দীর্ঘক্ষণ হইচইয়ের পর স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

ঘটনাটি ঘটেছে বারাণসীর কোতওয়ালি থানার অন্তর্গত সপ্তসাগর মেডিসিন মার্কেট এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎই অর্ধনগ্ন অবস্থায় ওই বিদেশি আচমকাই এলাকায় ঢুকে পড়েন। তাঁর ঊর্ধ্বাঙ্গে কোনও পোশাক ছিল না। নিম্নাঙ্গে ছিল ছেঁড়া প্যান্ট। ওই বিদেশি এদিক-ওদিক দৌড়াতে থাকেন, চিৎকার করতে করতে একাধিক বাড়িতে ঢুকে আসবাবপত্র ছুড়ে ফেলতে শুরু করেন। তাঁর আচরণে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়।

স্থানীয়দের অভিযোগ, তাঁকে শান্ত করার চেষ্টা করা হলেও তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি এক বাসিন্দার হাতে কামড়ে দেন। পরে কয়েকজন মিলে তাঁকে নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশও প্রথমে তাঁকে সামলাতে বেগ পায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশকে দেখেও তিনি আক্রমণাত্মক আচরণ করেন এবং বারবার ‘Go back’ বলে চিৎকার করতে থাকেন।

পুলিশ ওই বিদেশি নাগরিককে হেফাজতে নিয়ে কবীরচৌরা ডিভিশনাল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়। কোতওয়ালি থানার ইনস্পেক্টর দয়াশঙ্কর জানান, তাঁর পরিচয় যাচাই করা হচ্ছে। তিনি কোন দেশের বাসিন্দা তা নির্ধারণের পরে দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হবে। পাশাপাশি তাঁর এই অস্বাভাবিক আচরণের কারণও খতিয়ে দেখা হচ্ছে। তিনি কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন, নাকি মাদক বা অন্য কোনও নেশার প্রভাবে ছিলেন, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেক নেটিজ়েন প্রশ্ন তুলেছেন, বিদেশি নাগরিকদের ভিসা ও অবস্থান সংক্রান্ত নিয়ম আরও কঠোরভাবে প্রয়োগ করা উচিত কি না। যদিও এই বিষয়ে পুলিশ এখনও কোনও মন্তব্য করেনি। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *