পুর–মার্কেটের চার পাশ হকারমুক্ত করার সিদ্ধান্ত, শুরু কাজ - 24 Ghanta Bangla News
Home

পুর–মার্কেটের চার পাশ হকারমুক্ত করার সিদ্ধান্ত, শুরু কাজ

Spread the love

এই সময়: কলকাতা পুরসভা পরিচালিত কোনও মার্কেটের সামনে আর বসতে পারবেন না হকাররা। পুরসভা পরিচালিত মার্কেটের দোকানদারদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, মার্কেট বিল্ডিংয়ের চার পাশ এমন ভাবে হকাররা ঘিরে রাখেন যে ক্রেতারা অধিকাংশ সময়ে মার্কেটে ঢোকা–বেরোনোর পথও খুঁজে পান না। এতে দোকানদারদের ব্যবসারও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ ছিল। এই অবস্থায় পুর–মার্কেটগুলির চারপাশ হকার–মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

রাজ্যে পালাবদলের পরে গড়িয়াহাট, বেহালা ম্যান্টন–সহ একাধিক মার্কেট পরিদর্শন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মার্কেটগুলির পরিস্থিতি নিয়ে পুরসভাকে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি। পুরসভার বাজার বিভাগ সূত্রে জানা গিয়েছে, সেই সব পরামর্শ কার্যকরী করার লক্ষ্যে একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারই একটি হলো—পুর–মার্কেটের চার পাশ হকারমুক্ত রাখা। বিষয়টি নিয়ে টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি)–র বৈঠকেও আলোচনা হয়েছে।

পুরসভা সিদ্ধান্ত নিয়েছে—পুর–মার্কেটগুলির ৪৫ মিটারের মধ্যে কোনও হকার বসতে পারবেন না। মার্কেটের ঢোকা ও বেরোনোর পথ খালি রাখতে হবে। এরই মধ্যে নিউ মার্কেট, গড়িয়াহাট–সহ একাধিক মার্কেটে এই সিদ্ধান্ত কার্যকরী হয়েছে। তবে হকার্স সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ বলেন, ‘পুরসভার তরফে এমন কিছু প্রস্তাব আসছে যা হকারদের পুনর্বাসন প্রকল্প ছাড়া মেনে নেওয়া সম্ভব নয়।’ সংশ্লিষ্ট পুর–আধিকারিকরা জানাচ্ছেন, পুরসভা এক জন হকারকেও পুনর্বাসন না দিয়ে সরাতেও চায় না।

এই অবস্থায় হকার পুনর্বাসন প্রকল্প নিয়েও জল্পনা চলছে পুরসভার অন্দরে। বিগত পুরবোর্ড হকারদের ভেন্ডিং লাইসেন্স দিতে শহরজুড়ে সমীক্ষা করেছিল। ৫৬ হাজার হকার চিহ্নিত হয়েছিলেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বর্তমান পুর–প্রশাসনের তরফে ফের শহরে হকার শনাক্ত করার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট কাজের দায়িত্বপ্রাপ্ত পুর–আধিকারিকরা জানিয়েছেন, শহরে ১৮৯২টি হকিং জোন চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় আরও এলাকা যুক্ত হতে পারে। হকারদের বিভিন্ন প্রকল্পের সুযোগ–সুবিধা দিতেই নতুন করে হকার চিহ্নিত করার কাজ চলছে। তবে পুর–মার্কেটের চার পাশ হকারমুক্ত রাখার সিদ্ধান্তে নড়চড় হবে না বলেই জানাচ্ছে পুরসভা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *