Koel Mallick Resignation: কী হবে কোয়েলের রাজনৈতিক ভবিষ্যৎ? বলেই দিলেন সুকান্ত মজুমদার | Koel Mallick Resigs Sukanta Majumdar says Koel will be back
হাওড়া: ৬ এপ্রিল শপথ গ্রহণ করার পর আজ, ১৬ জুলাই ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। টলি অভিনেত্রীর রাজনীতিতে আসাটাই একটা বড় চমক ছিল। আর ইস্তফা দেওয়ার পর আরও বড় চমক দিয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করার পর ইস্তফা দিয়েছেন। সেই ইস্তফা গৃহীতও হয়েছে। প্রশ্ন ঘুরছে, কোয়েলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে? এবার তারই উত্তর দিলেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার।
হাওড়ায় রথযাত্রা উপলক্ষে বৃহস্পতিবার উপস্থিত হয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি জানিয়েছেন, কোয়েল মল্লিকও তাই করবেন, যা বাকি তিন সাংসদ করেছেন। অভিনেত্রী কোয়েল মল্লিকের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “এর আগে তিনজন সংসদ যেভাবে ইস্তফা দিয়ে আবার সাংসদ পদে ফিরে এসেছেন, উনিও সেইভাবেই ফিরে আসবেন।” উল্লেখ্য, সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, প্রকাশচিক বরাইক ও সুখেন্দু শেখর রায়।
এদিন সুকান্ত মজুমদার বলেন, “রাজ্যসভায় বিজেপির শক্তি ক্রমশ বাড়ছে, কারণ মানুষের স্বার্থে বিজেপির অনেক কাজ করা বাকি আছে, যা আগামিদিনে তাদের করতে হবে।”
সুখেন্দু শেখর, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব এখন বিজেপির টিকিটে রাজ্যসভার প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন। একইভাবে কোয়েলও কি জার্সি বদল করবেন? এই প্রশ্নই সামনে আসছিল। তবে সুকান্ত মজুমদারের বক্তব্যে, সেই উত্তর অনেকটা স্পষ্ট।