ত্রিকোণ প্রেমের কারণেই হাওড়ায় দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে খুন? পুলিশের হাতে সিসি ফুটেজ
ত্রিকোণ প্রেমের জটিলতার জেরেই খুন হতে হয়েছে হাওড়ার দশম শ্রেণির ছাত্রীকে? প্রাথমিক তদন্তে সেই তত্ত্বই জোরালো হয়েছে বলে খবর পুলিশ সূত্রে। তদন্তকারীদের একটি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের হাতে এসেছে। পাশাপাশি, মেয়েটির পরিবার এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তদন্তের কিনারা করা হচ্ছে।
বুধবার সন্ধ্যায় কোচিং থেকে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার সময়ে হামলা হয় কিশোরীর উপরে। অভিযোগ, সমীর দাস নামে এক যুবক ছুরি নিয়ে মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। কোপ মারা হয় মেয়েটির গলায়, হাতে-পেটে। রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে। কিশোরীর বন্ধু অজয় রায় তাকে বাঁচাতে গিয়েছিল। অজয়কেও ছুরির কোপ মারা হয় বলে অভিযোগ।