৭ কাঠা জমির ওপর ১২টি ফ্ল্যাট! প্রোমোটারের এক চালেই এখন মাশুল গুনছে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক | 1.55 Crore Cash Seized in Bank Fraud Case, Three Arrested from Howrah
সুপ্রিয় গুহ: ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তল্লাশি করতে গিয়ে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার। কলকাতা পুলিশের টিম হাওড়া থেকে ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে একজন মানস রায়। অভিযোগ, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক থেকে জমির জাল কাগজ দেখিয়ে লোন নেওয়া হয়েছিল প্রায় ৪ কোটি টাকার।
জানা যাচ্ছে, ২০২৫ সালের ২৫ নভেম্বর হেয়ারস্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ডোমজুড়ের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের থেকে ৩ কোটি ৮০ লক্ষ টাকার লোন নেওয়া হয়েছিল। ব্যাঙ্কের অভিযোগ, গ্রাহক ঠিক সময়ে EMI দিচ্ছিলেন না। থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে। রাতে তাঁদের কাছ থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা উদ্ধার হয়।
ধৃতদের নাম তাপস রায়, তন্ময় রায়, মানস রায়। তাঁদের মধ্যে মূল অভিযুক্ত মানস রায়। তাঁর নামে রয়েছে ৫ টি কেস। অভিযোগ, ৫ টি সেল কোম্পানি বানিয়ে টাকা খাটাতেন মানস। অন্যদিকে মানস ৭ কাঠা জমির ওপর ১২ টি ফ্ল্যাট বানিয়েছিলেন, অভিযোগ, সম্পূর্ণটাই বেআইনিভাবে। কীভাবে মিলল অনুমতি? হাওড়া পুরসভার কাছে এ বিষয়ে জবাবদিহিও চাওয়া হয়েছে। এই গ্রেফতারিতে অ্যাডিশন্যাল সিপি ক্রাইম জানিয়েছেন, আপাতত এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তি জড়িত নেই। গোটা বিষয়টির মূল খোঁজার চেষ্টা চলছে।