Weather Forecast in Bengal: ফের নতুন নতুন নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিত, এই জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের | Heavy rainfall forecast for these districts until Friday, know Weather Forecast in Detail
কলকাতা: মেঘ সরে ফের হাসছে আকাশ। সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে রোদের দেখা মিলল। কিন্তু এরইমধ্যে দক্ষিণবঙ্গের চাষিদের জন্য স্বস্তির বার্তা আবহাওয়া দফতরের। ধান রোয়ার মরশুমে আরও বৃষ্টির আশা। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। এরইমধ্যে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নতুন নিম্নচাপ সৃষ্টির ইঙ্গিতও মিলেছে বলে খবর। ফলে নতুন করে নিম্নচাপ তৈরি হলে পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে নজর রয়েছে আবহাওয়া দফতরের।
তবে আপাতত বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বৃহস্পতিবার দক্ষিণের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কমলা সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। এই জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আপেক্ষিকভাবে অনেকটাই বেশি থাকতে পারে।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই জেলাগুলির বৃষ্টির মাত্রা করতে পারে নতুন রেকর্ড। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। একই ছবি দেখা যেতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এখানেও রীতিমতো ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজবে উত্তরবঙ্গও। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়িতে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়িতে। শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।