PACE App: লক্ষ্য বেকার যুবক-যুবতীদের জন্য আর্থিক সহায়তা, স্বাধীনতা দিবসে আসছে বিশেষ App, আপলোড করতে হবে কেবল বায়োডাটা | West Midnapore Police to Launch PACE App for Employment of Educated Unemployed Youth
মেদিনীপুর: আগামী স্বাধীনতা দিবসে জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের মাধ্যমে আর্থিক স্বাধীনতা দেওয়ার এক অভিনব উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। জেলা পুলিশের বিশেষ তত্ত্বাবধানে চালু হতে চলেছে একটি অত্যাধুনিক মোবাইল অ্যাপ, যার নাম রাখা হয়েছে ‘Police Assistance in Career & Employment Enhancement’ বা সংক্ষেপে ‘PACE’ (পেস)।
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপের মূল লক্ষ্য হল নিয়োগ প্রক্রিয়ায় যে কোনও ধরনের দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য পুরোপুরি বন্ধ করা এবং সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে স্থানীয় যুবসমাজকে স্বনির্ভর করে তোলা। জেলার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা এই অ্যাপের মাধ্যমে সরাসরি নিজেদের বায়োডাটা বা জীবনপঞ্জি জমা করতে পারবেন। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ছোট-বড় শিল্পকারখানা ও সংস্থায় শূন্যপদের হদিস মিলবে এই অ্যাপে, যেখানে সরাসরি আবেদনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।
পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, নির্দিষ্ট নিয়মাবলী মেনে সম্পূর্ণ পুলিশের নজরদারিতে এই গোটা কার্যক্রমটি পরিচালিত হবে। জেলা পুলিশ প্রশাসনের লক্ষ্য হলো, অ্যাপটি চালু হওয়ার আগামী এক মাসের মধ্যে জেলার বিভিন্ন শিল্পকারখানায় অন্তত ১০০০ জন যোগ্য কর্মীকে নিয়োগ করা। তবে এই নিয়োগের ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া হবে মেদিনীপুরের স্থানীয় বাসিন্দাদেরই। পুলিশের এই যুগান্তকারী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার আমজনতা থেকে শুরু করে শিল্পোদ্যোগীরাও। এর ফলে একদিকে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনই কমবে অপরাধমূলক প্রবণতা।