Baruipur Case: বারুইপুরের সূর্যপুরের ঘটনায় এবার বদল এডি এসপি | Baruipur Surjapur Incident: Atish Biswas Appointed Additional SP After Reshuffle
বারুইপুরে মুখ্যমন্ত্রীImage Credit: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের সূর্যপুরের ঘটনায় এবার বদল এডি এসপি। অ্যাডিশনাল হিসেবে যোগ দিলেন অতিশ বিশ্বাস। তিনি পূর্ব মেদনিপুরের এডি এসপি ছিলেন। বারুইপুরের ঘটনায় নানা তদন্তে প্রথম দিন থেকে অতিশ বিশ্বাস ঘটনাস্থলে ছিলেন। অ্যাডিশনাল এসপি পিনাকী দত্তকে সরিয়ে অতিশকে করা হয়েছে।
বারুইপুরের সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের চাঞ্চল্যকর ঘটনার তদন্তে এক সপ্তাহের মধ্যে তিনবার তদন্তকারী অফিসার বদল করা হয়েছে। পূর্বে তদন্তের দায়িত্বে থাকা আইসি জয়ন্ত পোদ্দারকে সরিয়ে দেওয়া হয়। এই মামলার দায়িত্বভার দেওয়া হয় ডিএসপি (ডিবি) শান্তনু মুখোপাধ্যায়কে। বারুইপুর থানার অফিসার-ইন-চার্জ (OC) জয়ন্ত পোদ্দারকে সরিয়ে এই হাই-প্রোফাইল মামলার সম্পূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয় বারুইপুর জেলা পুলিশের ডিএসপি (DSP) এবং ডিইবি (DEB) শান্তনু মুখোপাধ্যায়ের হাতে।
শনিবারই বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করেন গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের সঙ্গেও। সূর্যপুর পুলিশ ফাঁড়ির উদ্বোধনও করেন। আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক সারেন। এই বৈঠকের পরই তদন্তকারী অফিসার বদলের সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। । উল্লেখ্য, নাবালিকার নিখোঁজ হওয়ার ডায়েরি দায়েরের সময় প্রথম তদন্তের দায়িত্বে ছিলেন দিগন্ত মণ্ডল। পরে ধর্ষণ ও খুনের মামলা রুজু হতেই তাঁর জায়গায় আনা হয়েছিল জয়ন্ত পোদ্দারকে। পরবর্তীতে এর তদন্তের দায়িত্ব দেওয়া হয় শান্তনু মুখোপাধ্যায়ের হাতে।