রোহিত-বিরাট ফিরতেই বদলে গেল ভারত, ২৫৮ রানেই গুটিয়ে ইংল্যান্ড - 24 Ghanta Bangla News
Home

রোহিত-বিরাট ফিরতেই বদলে গেল ভারত, ২৫৮ রানেই গুটিয়ে ইংল্যান্ড

Spread the love

IND vs ENG: বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ দলে ফেরার পর দলের মানসিকতা কী ভাবে চেঞ্জ হয়ে যায়, প্রথম একদিনের ম্যাচে সেটা স্পষ্ট…

IND vs ENG: বিরাট কোহলি, রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরাহ দলে ফেরার পর দলের মানসিকতা কী ভাবে চেঞ্জ হয়ে যায়, প্রথম একদিনের ম্যাচে সেটা স্পষ্ট বোঝা গেল। তরুণ অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে মাঠে নামলেও, দলে এই তিন মহাতারকার প্রত্যাবর্তন গোটা দলের শরীরী ভাষা এবং আত্মবিশ্বাসকে এক লহমায় যেন কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অভিজ্ঞদের থেকে পাওয়া সেই আত্মবিশ্বাসে ভর করেই অক্ষর প্যাটেলের স্পিন এবং বুমরাহ-প্রসিদ্ধদের আগুনে পেসের সামনে মাত্র ২৫৮ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। ভারতের সামনে এখন জয়ের লক্ষ্য ২৫৯ রান।

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু শুরু থেকেই ভারতীয় পেসারদের আগ্রাসনের সামনে কখনোই ম্যাচে জাঁকিয়ে বসতে পারেনি তারা। ইনিংসের শুরুতে গুরনুর ব্রার জোড়া আঘাত হেনে ইংরেজদের ব্যাকফুটে ঠেলে দেন। এরপর বল হাতে নিজের চিরপরিচিত ছন্দে বিপক্ষের ত্রাস হয়ে ওঠেন স্বয়ং বুমরাহ। তাঁর আঁটসাঁট বোলিংয়ের (৯-০-৩১-১) সামনে রীতিমতো হাঁসফাঁস করতে থাকে ইংরেজ টপ অর্ডার। অধিনায়ক হ্যারি ব্রুককে ফিরিয়ে বুমরাহ বুঝিয়ে দেন, তিনি দলে ফেরা মানেই বিপক্ষের জন্য কতটা বড় অশনিসংকেত। ব্রুকের ক্যাচটি শর্ট মিডউইকেটে দারুণ দক্ষতায় লুফে নেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।

Also Read |

মাত্র ৬৪ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখন জোড়া আঘাত হানেন প্রসিদ্ধ কৃষ্ণা। জস বাটলার এবং স্যাম কারেনকে দ্রুত ফিরিয়ে দিয়ে ইংল্যান্ডকে খাদের কিনারায় ঠেলে দেন প্রসিদ্ধ (২/৫০)। উইকেটের পিছনে কেএল রাহুল এদিন ছিলেন অত্যন্ত ক্ষিপ্র। উইল জ্যাকসকে ফিরিয়ে দিয়ে শিবম দুবেও (১/২৭) ভারতীয় দলের বোলিং আক্রমণকে আরও ধারালো করে তোলেন।

তবে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ইংল্যান্ডের লোয়ার অর্ডার যখন লিয়াম ডসনের (৬৮) চওড়া ব্যাটে ভর করে প্রতিরোধ গড়ার চেষ্টা করছিল, ঠিক তখনই মোক্ষম চালটি চালেন অধিনায়ক গিল। ১০৭/৬ থেকে একসময় স্কোর ২২৮/৭-এ পৌঁছে যাওয়ার পর গিল ফের বল তুলে দেন অক্ষর প্যাটেলের হাতে। আর সেখানেই বাজিমাত। নিজের ৯.৫ ওভারের স্পেলে চার উইকেট নিয়ে ইংরেজদের লোয়ার অর্ডারে একাই ধস নামান এই বাঁহাতি স্পিনার। তাঁর স্পিনের ফাঁদে পড়ে একে একে সাজঘরে ফেরেন লিয়াম ডসন, জোফ্রা আর্চার এবং আদিল রশিদ। রশিদের ক্ষেত্রে কেএল রাহুলের ক্ষিপ্র স্টাম্পিং এবং ডসনের ক্ষেত্রে রোহিত শর্মার ক্যাচটি ছিল দেখার মতো। ৪৭.৫ ওভারেই যবনিকা পতন ঘটে ইংল্যান্ডের ইনিংসের।

Also Read |

সব মিলিয়ে, তারুণ্য এবং অভিজ্ঞতার এই নিখুঁত টিম গেমই আজ ভারতকে ম্যাচে চালকের আসনে বসিয়েছে। দলের বোলাররা নিজেদের কাজটা নিখুঁতভাবে সেরে রেখেছেন। পিচের যা চরিত্র এবং দলে রোহিত-বিরাটদের মতো অভিজ্ঞদের উপস্থিতি, তাতে ২৫৯ রানের এই লক্ষ্যমাত্রা তাড়া করে জয় তুলে নেওয়াটা ভারতীয় ব্যাটারদের কাছে খুব একটা কঠিন হওয়ার কথা নয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *