বুক ধড়ফড়, শ্বাসকষ্ট? গোবিন্দ-পত্নী সুনীতা হঠাৎ কেন রিয়্যালিটি শো ছাড়তে বাধ্য হলেন?
বলিউড অভিনেতা গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja) সম্প্রতি ওটিটি রিয়্যালিটি শো ‘লক আপ ২’ (Lock Upp 2) থেকে স্বেচ্ছায় বিদায় নিয়েছেন। শো ছাড়ার কারণ হিসেবে তিনি তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। মাঝপথে শো ছেড়ে আসার পর তিনি জানান, তাঁর ডায়াবিটিস নিয়ন্ত্রণে ছিল না এবং মেনোপজ়ের (Menopause) কারণে তিনি উদ্বেগ, বুকে ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
সুনীতা বলেন, ‘আমি দেখতে চেয়েছিলাম রিয়্যালিটি শো-এর অন্দরে কী হয়। তবে কয়েকটা দিন এখানে কাটানোর পরে আমি বুঝতে পেরেছি, এটা আমার জায়গা নয়। ডায়াবিটিস নিয়ন্ত্রণে না থাকার জন্য আমি ভীষণ চিন্তায় ছিলাম। এর পাশাপাশি আমার মেনোপজ়-ও চলছে। সব মিলিয়ে আমার অ্যাংজ়াইটি ভীষণ বেড়ে গিয়েছিল। বুকে ব্যথা ও শ্বাসকষ্ট হচ্ছিল। তাই শো-এর নির্মাতাদের কাছে অনুরোধ করে আমি মাঝপথেই খেলা ছেড়ে বেরিয়ে আসি। এখন আমি অনেকটাই সুস্থ বোধ করছি।’ তিনি আরও জানান, অসুস্থতার সময় ওটিটি প্ল্যাটফর্মের কর্মকতারা এবং প্রযোজক একতা কাপুর তাঁর স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রেখেছিলেন এবং চিকিৎসকেরা দিনে তিন বার তাঁর সুগার পরীক্ষা করতে আসতেন।
মেনোপজ়ের সময়ে অনিয়ন্ত্রিত ডায়াবিটিস এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা বেড়ে যাওয়ার কারণ নিয়ে কী জানালেন চিকিৎসকরা?
রক্তে শর্করা বা সুগারের মাত্রা ক্রমাগত ওঠানামা করলে শরীরে তার মারাত্মক প্রভাব পড়ে। সুগারের মাত্রা ঠিক না থাকলে ক্লান্তি, মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম হওয়া, শরীর কাঁপা বা বুক ধড়ফড়ানির (Palpitations) মতো সমস্যা দেখা দিতে পারে। এই লক্ষণগুলো অনেক সময় তীব্র উদ্বেগ (Anxiety) মতোই মনে হয়, যার ফলে আসল সমস্যা চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।
মেনোপজ়-এর কারণে কি ডায়াবিটিস নিয়ন্ত্রণ করা কঠিন হয়?
চিকিৎসকরা বলছেন, মেনোপজ়-এর সময় হরমোনের পরিবর্তনের কারণে রক্তে গ্লুকোজ়ের মাত্রা ওঠা-নামা করতে থাকে। এ ছাড়াও, মেনোপজ়-এর কারণে ‘হট ফ্ল্যাশ’, ঘুমের ব্যাঘাত, মেজাজের তারতম্য এবং মানসিক চাপ রক্তে শর্করার মাত্রাকে আরও বাড়িয়ে দেয়। ফলে ডায়াবিটিস ও মেনোপজ়-এর লক্ষণগুলো একে অপরকে প্রভাবিত করে একটি ক্ষতিকর চক্র তৈরি করে।