শ্রাদ্ধানুষ্ঠানে যাওয়ার পথে উল্টে গেল গাড়ি, জখম কমপক্ষে ২৩
শ্রাদ্ধানুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় যাত্রী বোঝাই একটি ছোট ট্রাক। ঘটনায় গুরুতর জখম কমপক্ষে ২৩। সোমবার সকালে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা সকলকে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। আপাতত সেখানেই চিকিৎসা চলছে আহতদের।
সূত্রের খবর, এ দিন গাড়িটি বাঁকুড়ার রাধাকৃষ্ণপুর থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিল। কিন্তু রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই ঘটে বিপত্তি। গাড়ির চালক আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যার জেরে জাতীয় সড়কের উপরে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। গাড়ির ভিতরে বেশ কয়েকজন যাত্রী আটকে পড়েছিলেন। সকলকে উদ্ধার করা হয়। পরে খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ আহতদের প্রথমে অমরকানন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে সকলকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য বাঁকুড়ার ৬০ নম্বর জাতীয় সড়কের রানিগঞ্জ এলাকায় যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে স্বাভাবিক হয়েছে যান চলাচল। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ইতিমধ্যেই সরিয়ে নিয়ে গিয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।