অন্ধ্রে কোভিডে ২ জনের মৃত্যুতে আতঙ্ক, রথের আগে প্রতিবেশী রাজ্যে বাড়ছে নজরদারি ও পরীক্ষা - 24 Ghanta Bangla News
Home

অন্ধ্রে কোভিডে ২ জনের মৃত্যুতে আতঙ্ক, রথের আগে প্রতিবেশী রাজ্যে বাড়ছে নজরদারি ও পরীক্ষা

Spread the love

২০-এর পরে ফের ২৬-এ কোভিডের রক্তচক্ষু। নতুন করে কোভিড সংক্রমণে মৃত্যুর খবরে ছড়াল উদ্বেগ। অন্ধ্রপ্রদেশে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ এবং এক ব্যক্তির মৃত্যুর খবর সামনে আসতেই সতর্ক পার্শ্ববর্তী রাজ্যগুলি। সতর্ক ওডিশা সরকার ইতিমধ্যেই সীমানায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। জেলাগুলিতে হাই অ্যালার্ট জারি করেছে ওডিশার স্বাস্থ্য বিভাগ। যদিও এখনও পর্যন্ত রাজ্যে নতুন করে কোনও কোভিড-১৯ আক্রান্তের সন্ধান মেলেনি, তবুও সম্ভাব্য সংক্রমণ রুখতে নজরদারি, পরীক্ষা এবং স্বাস্থ্য পরিকাঠামোকে আরও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহে কাডাপা জেলায় নতুন করে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছেন। প্রথম​ গত ৯ জুলাই কাডাপার এক ৪৬ বছর বয়সি ব্যক্তির শরীরে করোনা সংক্রমণের খবর মেলে। কোভিড পজিটিভ হওয়ার পরেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ব্যক্তি। জেলা মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা (DMHO) ডক্টর রবি জানিয়েছেন, ওই ব্যক্তি তীব্র শ্বাসকষ্ট এবং কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও তাঁর অবস্থার উন্নতি হয়নি। তবে চিকিৎসকরা জানিয়েছেন, শুধু কোভিড নয়, তীব্র অ্যালকোহল আসক্তির কারণেও তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।

কোভিড আক্রান্তের মৃত্যু হওয়ার পরে অন্ধ্রপ্রদেশ সরকারও আক্রান্ত এলাকাগুলি থেকে নমুনা সংগ্রহ বাড়িয়েছে, র‍্যাপিড রেসপন্স টিম গঠন করেছে এবং হাসপাতালগুলিকে আইসোলেশন বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে।

অন্যদিকে, ওডিশার জনস্বাস্থ্য পরিচালক (Public Health Director) ডক্টর রবীন্দ্রনাথ মিশ্র জানিয়েছেন যে, ওডিশায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। রাজ্যে এখনও পর্যন্ত কোনও সক্রিয় ও বড় ধরনের সংক্রমণ ছড়ায়নি, তবে প্রতিবেশী রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে কোনও রকম ঢিলেমি দিতে রাজি নয় প্রশাসন। রাজ্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অন্ধ্রপ্রদেশ সীমান্ত সংলগ্ন সমস্ত জেলার CDMO-দের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দপ্তর বিশেষ করে অন্ধ্রপ্রদেশ-সংলগ্ন জেলাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। জ্বর, শ্বাসকষ্ট বা কোভিড-সদৃশ উপসর্গ নিয়ে কেউ হাসপাতালে এলে দ্রুত পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্যও পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।

রথযাত্রার আগে বাড়তি সতর্কতা

আগামী দিনে রাজ্যে বড় ধর্মীয় সমাবেশ ও জনসমাগম থাকায় স্বাস্থ্য দপ্তর অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে। বিশেষ করে পুরীর রথযাত্রাকে সামনে রেখে চিকিৎসা পরিকাঠামো, নজরদারি এবং জরুরি পরিষেবা প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের জন্য পরামর্শ

ওডিশার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, বর্তমানে আতঙ্কের কোনও কারণ নেই। তবে জ্বর, কাশি, গলা ব্যথা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রবীণ ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে হাত পরিষ্কার রাখা, প্রয়োজনে মাস্ক ব্যবহার এবং অসুস্থ অবস্থায় ভিড় এড়ানোর মতো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলারও আবেদন জানিয়েছে প্রশাসন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *