সপ্তাহের শুরুতেই আবহাওয়ার ‘মুড সুইং’, আজ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?
গত সপ্তাহের পরে চলতি সপ্তাহেও ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাংশে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। বর্তমানে বাংলাদেশ ও বিহারের উপর জোড়া ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। যার জেরেই চলতি সপ্তাহে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
কলকাতায় কি আজ বৃষ্টি হবে?
সোমবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। ছিটেফোঁটা রোদেরও দেখা নেই। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে কলকাতায়। তবে আকাশ আপাতত মেঘলাই থাকবে। যার জেরে বাড়তে পারে অস্বস্তিকর গরম।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
সোমবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেখানে। এ ছাড়াও, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাংশে।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
ভারী বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গের একাংশ। পার্বত্য এলাকায় ধস নেমেছে, নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, কোথাও কোথাও নদীর জল প্রায় বিপদসীমা ছুঁয়ে ফেলেছে। এই পরিস্থিতিতেও উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপরের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। তবে বিকেলের পর থেকে কিছুটা কমতে পারে বৃষ্টির দাপট। কিন্তু মঙ্গলবার থেরে ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। সপ্তাহ জুড়েই বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের।