S Jaishankar: হরমুজে ইরানি হামলায় গুঁড়িয়ে গেল জাহাজ, ১১ ভারতীয় নাবিকের মধ্যে খোঁজ মিলছে না এক জনের! কড়া বার্তা নয়া দিল্লির | India Condemns Attack on Merchant Vessel in Strait of Hormuz, 10 Indian Seafarers Rescued, One Missing - 24 Ghanta Bangla News
Home

S Jaishankar: হরমুজে ইরানি হামলায় গুঁড়িয়ে গেল জাহাজ, ১১ ভারতীয় নাবিকের মধ্যে খোঁজ মিলছে না এক জনের! কড়া বার্তা নয়া দিল্লির | India Condemns Attack on Merchant Vessel in Strait of Hormuz, 10 Indian Seafarers Rescued, One Missing

Spread the love

নয়া দিল্লি: হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা করল ভারত। সম্প্রতি, ওমান (Oman) উপকূলের কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইরান (India Condemns Attack on Merchant Vessel) । ওই জাহাজে ভারতীয় নাবিকরাও ছিলেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, ইরান যে জাহাজে হামলা চালিয়েছে, তাতে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও একজন ভারতীয় নিখোঁজ রয়েছেন।

বিদেশমন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ওমান প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিখোঁজ নাবিকের সন্ধানে সহযোগিতা করছে দূতাবাস। উদ্ধারকাজে সহায়তার জন্য ওমান সরকারকেও ধন্যবাদ জানিয়েছে ভারত।

জাহাজে হামলা

মার্কিন সেনার দাবি, সাইপ্রাসের পতাকাবাহী একটি কনটেনার জাহাজ ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং নাবিকদের জাহাজ ছেড়ে বেরিয়ে আসতে হয়। জাহাজটির ইঞ্জিনরুমে বড় ধরনের ক্ষতি হয়েছে। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (IRGC) দাবি করেছে, একাধিক জাহাজ তাদের নির্দেশ অমান্য করে অনুমোদিত পথ ছেড়ে অন্য রুটে চলছিল। সতর্কবার্তা অমান্য করায় একটি জাহাজকে গুলি করে থামানো হয়। এরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

ফের হামলা চালায় আমেরিকা

ইরানের হরমুজ বন্ধের হুঁশিয়ারির পরই ইরানের উপর হামলা চালায় আমেরিকা। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর দাবি, সর্বশেষ অভিযানে ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি-সহ একাধিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। গত তিন দিনের অভিযানে ৩০০-রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে বলে দাবি করেছে CENTCOM। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান বাহরিন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহী এবং ওমানের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

শান্তির বার্তা ভারতের

বিদেশ মন্ত্রক জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ভারত অবিলম্বে উত্তেজনা কমানোর এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে জাহাজ চলাচলের নিরাপত্তাও নিশ্চিত করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *