Kolkata new road: তৈরি হবে রিং রোড, এবার জুড়ে যাবে পাঁচলা-গার্ডেনরি-সোনারপুর-বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে | West bengal goverment will make a ring road kolkata howrah north and south 24 pargana
কলকাতা: সোমবার থেকে শনিবার, কলকাতার ট্রাফিক নিয়ে আলাদা করে বলার কিছু থাকে না। ব্যস্ত শহরে প্রবল চাপ থাকে গাড়ির। নিত্য দিনের সঙ্গী যানজট। ট্রাফিক পুলিশরা নাজেহাল হয়ে যান এই যানজট সামলাতে। দিন যত যাচ্ছে এই চাপ আরও বাড়ছে। বাস-ট্যাক্সি-অটো-বাইক-অ্যাপ ক্যাব কী নেই! ঘণ্টার পর ঘণ্টা জ্যামে ফেঁসে থেকে নাজেহাল হন নিত্য যাত্রীরা। আর তাই এবার ব্যস্ত সময়ে এই গাড়ির চাপ কমাতে নয়া উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। কলকাতাকে ঘিরে এবার তৈরি হবে রিং রোড। খড়গপুর আইআইটি একটি নকশাও ইতিমধ্যে বানিয়ে ফেলেছে।
কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তারিত থাকবে রিং রোড?
মূলত, কলকাতা-হাওড়া-উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা, এই চার জেলাকে ঘিরে হবে রিং রোড। খড়গপুর আইআইটির দেওয়া নকশা থেকে প্রাথমিকভাবে ঠিক হয়েছে, চার বা ছয় লেনের রাস্তা তৈরি করা হবে। একদম গঙ্গার দিয়ে যাবে এই রাস্তা।
এরপর হাওড়ার পাঁচলা, বাউড়িয়া হয়ে দক্ষিণ ২৪ পরগনার বজবজ, মহেশতলা, গার্ডেনরিচ, আমতলা, সোনারপুর, বারুইপুরে সম্প্রসারিত হবে। এরপর এই রাস্তা পাঁচলা থেকেই কোণা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মিশবে।
ব্যস্ত সময়ে এমনিতেই কলকাতায় গাড়ির চাপ প্রচুর থাকে। তারপর এক জেলা থেকে অন্য জেলায় যেতে হলে কলকাতা ছুঁয়ে যেতে হয়। এর জেরে গাড়ির চাপ আরও বাড়ে। ফলে যদি এই চারজেলাকে ছুঁয়ে রাস্তা তৈরি হয় তাহলে তা আমজনতার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।