Malda: ২২ ড্রাম কেরোসিন ও ডাল লিটার-লিটার ভর্তি জাল পেট্রল উদ্ধার | 22 drums of kerosene and liters of fake petrol seized
মালদহ: টিভি নাইন বাংলার খবরের জের। জাল পেট্রলের খবর সম্প্রচারিত হওয়ার পরেই একের পর এক গ্রেফতার। এখানেই শেষ নয়, আরও জাল পেট্রল তৈরির কারখানার হদিস। উদ্ধার ২২ ড্রাম কেরোসিন, সাদা তেল সহ জাল পেট্রোল তৈরির বিভিন্ন উপাদান।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সঞ্জয় গুপ্তা। তাঁর বাড়ি মালদহের তুলসিহাটা এলাকায়। ওই এলাকাতেই শনিবার আইসি (IC) সুমিত কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সেখানেই এই জাল পেট্রোল তৈরির কারখানার হদিস মেলে। উদ্ধার হয় ২২ ড্রাম কেরোসিন সহ বিভিন্ন উপাদান।
ইতিমধ্যেই এর আগে এই অভিযোগে খোপাকাঠি থেকে গ্রেফতার হয়েছিল এক ব্যক্তি। তাঁকে জেরার পর পুলিশের জালে আরও এক। মূলত হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এই ভাবেই কেরোসিন, সাদা তেল এবং রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি হচ্ছিল জাল পেট্রল। ছড়িয়ে পড়েছিল বাজারে। গোটা ঘটনায় শোরগোর পড়েছে এলাকায়।
বিজেপি নেতা ওঁম প্রকাশ ঘোষ বলেন, “এর আগে আমরা দেখেছিলাম কীভাবে ভেজল পেট্রল তৈরি হয়। সেটা আগেই খবর হয়েছে। আজ আমাদের প্রশাসন তল্লাশি চালিয়ে ফের উদ্ধার করেছে। সেগুলি কেন ব্যবহার হত সবটা পুলিশ দেখবে। আমাদের সরকার এই সব নিয়ে জিরো টলারেন্স। সকলকে দুর্নীতি মুক্ত কাজ করতে হবে। আমরা চাইব খবর হওয়ার সঙ্গে-সঙ্গে তৎপরতার সঙ্গে যেন ব্যবস্থা নেয়।”