Shankarpur: মাঝ সমুদ্রে উধাও হয়ে যায়, এখনও খোঁজ মিলল না ‘কালী’র | 15 Fishermen Missing as ‘Maa Kali’ Trawler Disappears in Deep Sea After Leaving Shankarpur Harbour
পূর্ব মেদিনীপুর: শঙ্করপুর বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছে নিখোঁজ হয়েছে ‘মা কালী’ নামের একটি ট্রলার। ট্রলারে থাকা ১৫ জন মৎস্যজীবীর সঙ্গে গত ৫ জুলাই সকালের পর থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি। ট্রলারটির মালিক রামনগরের দেউলিবাংলার বাসিন্দা অভিজিৎ বেরা। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ট্রলারটি উপকূলে ফিরে না আসায় মৎস্যজীবীদের পরিবারে চরম উৎকণ্ঠা ও কান্নার রোল পড়েছে।
শঙ্করপুর ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশরঞ্জন নায়ক এই বিপদে মৎস্য দফতর, স্থানীয় বিধায়ক এবং মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত সহায়তার আবেদন জানান। সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎপর হয়েছে প্রশাসন।
মুদ্রের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল ও উত্তাল থাকা সত্ত্বেও উপকূল রক্ষীবাহিনী (কোস্ট গার্ড), পুলিশ এবং স্থানীয় প্রশাসন আপ্রাণ উদ্ধারকাজ চালাচ্ছে। নিখোঁজ মৎস্যজীবী অরুণ গিরির ভাই জানান, “৫ তারিখ সকাল ১১টার পর আর যোগাযোগ করা যায়নি। আশা করি দাদা ও বাকি সবাই সুস্থভাবে ফিরে আসবে।” নিখোঁজদের খোঁজে তল্লাশি আরও জোরদার করা হয়েছে।
ইতিমধ্যে মাইকিং শুরু হয়েছে উপকূল এলাকায়। খবর পাঠানো হয়েছে সমুদ্রে আটকে থাকা মৎস্যজীবীদেরও। জানা গিয়েছে, রামনগরের জলধা সেতুর অদূরে আচমকাই ট্রলারটির জিপিএস ট্র্যাকিং বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজদের সন্ধানে রাতভর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে কোস্ট গার্ড। উপকূলবর্তী সমস্ত থানা ও মেরিন ফিসারি দফতরকে সতর্ক করা হয়েছে।