Salman: ঘুড়ি ওড়াতে গিয়ে ১৩ ফুট উঁচু ছাদ থেকে পড়ে গেলেন অভিনেতা সলমন ইউসুফ খান | Salman yusuff khan injured accident falling from terrace flying kite
ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও অভিনেতা সলমন ইউসুফ খান। ১৩ ফুট উঁচু ছাদ থেকে নিচে পড়ে যাওয়ায় তাঁর শরীরের একাধিক হাড় ভেঙেছে বলে খবর। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইতিমিধ্যেই একটি বড় অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে তাঁর। ‘ডান্স ইন্ডিয়া ডান্স’-এর প্রথম সিজনের এই চ্যাম্পিয়ন এবং ‘এবিসিডি’ (ABCD) খ্যাত অভিনেতা আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।
কীভাবে ঘটল এই দুর্ঘটনা?
কোনও সিনেমার শুটিং বা স্টান্ট করতে গিয়ে নয়, এই অঘটনটি ঘটেছে অভিনেতার নিজের বাড়ির ছাদেই। সলমন জানান, সন্তানদের মোবাইল-আইপ্যাডের নেশা কাটাতে ডিজিটাল দুনিয়া থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলেন তিনি।
নিজের মুখে দুর্ঘটনার বিবরণ দিতে গিয়ে অভিনেতা বলেন, “আজকালকার বাচ্চারা সারাক্ষণ মোবাইল আর আইপ্যাড নিয়ে মেতে থাকে। তাই ভাবলাম ওদের একটু বাইরের খেলাধুলো শেখাই, ঘুড়ি ওড়ানো শেখাই। সেই উদ্দেশ্যেই ছেলেমেয়েদের নিয়ে ছাদে উঠেছিলাম। কিন্তু আচমকাই অসাবধানতাবশত পা হড়কে ১৩ ফুট ওপর থেকে নিচে পড়ে যাই। আমার হাত ও শরীরের বেশ কিছু অংশের হাড় ভেঙে গিয়েছে।”
এখন কেমন আছেন সলমন?
গুরুতর চোট পাওয়ায় আপাতত বেশ কিছুদিনের জন্য নাচ এবং লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে পুরোপুরি বিরতি নিতে হচ্ছে সলমনকে। চিকিৎসকেরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
তবে ভক্তদের আশ্বস্ত করে সলমন জানিয়েছেন যে, বড় অস্ত্রোপচার হলেও চিন্তার কোনও কারণ নেই। মাসখানেকের বেড রেস্ট এবং নিয়মিত ফিজিওথেরাপি করলেই তিনি আবার আগের মতো সুস্থ হয়ে উঠবেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য এবং আরোগ্য কামনা করে বার্তা পাঠানোর জন্য অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা নৃত্যশিল্পী।