BREAKING: ‘আত্মসমর্পণ করব’, বড় ঘোষণা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার | Bangladesh Ousted PM Sheikh Hasina Announces She will Return to Bangladesh in December & Surrender
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit: Getty Image
নয়া দিল্লি: আর পলাতক হিসাবে নয়, এবার দেশেই ফিরে যেতে চান বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই হাসিনাকে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তবে সেই সাজাকেও আর ভয় পাচ্ছেন না তিনি। জানালেন, তিনি বাংলাদেশে ফিরে যাবেন এবং আত্মসমর্পণ করবেন।
কবে ফিরবেন শেখ হাসিনা?
সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছেন যে তাঁর দল, আওয়ামী লিগের বড় নেতাদের নিয়ে আগামী ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। বাংলাদেশে ফিরে তিনি আত্মসমর্পণ করবেন। কোনও চাপ নয়, স্বেচ্ছাতেই তিনি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান শেখ হাসিনা।
ফাঁসি হবে হাসিনার?
এ দিন বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করে মুজিব-কন্যা বলেন, “আমি ফিরলেই ওরা হয়তো আমায় গ্রেফতার করবে। হয়তো মেরেও ফেলতে পারে। তাও আমায় যেতেই হবে। আমার দলের নেতা ও কর্মীরা প্রবল অত্যাচারের সম্মুখীন হচ্ছে। যদি মৃত্য়ু আসে, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার মা-বাবা শায়িত আছে, যেখানে তাদের রক্ত ঝরেছিল।”
হাসিনার পতন-
একাধিক ধাপে ২০ বছর ধরে বাংলাদেশের গদিতে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা শেখ হাসিনা। শেষ দফায়, ২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে ছাত্র যুব গণআন্দোলন ও প্রবল জনরোষের মুখে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের পতন হয়। বাংলাদেশের ইতিহাসে এটা সবথেকে বড় রাজনৈতিক সঙ্কট ছিল। বাংলাদেশে তৈরি হয় মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার।
গণহত্যার দায়ে অপরাধী হাসিনা-
এদিকে, বাংলাদেশ ছেড়ে ভারতে এসে আশ্রয় নেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয় বাংলাদেশে। ছাত্র আন্দোলনে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারতে থেকেই এই ট্রাইব্যুনালের রায় মানতে অস্বীকার করেছিলেন শেখ হাসিনা।