৩০০ আন্তর্জাতিক ম্যাচে স্মৃতি মন্ধানা, বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ইতিহাস - 24 Ghanta Bangla News
Home

৩০০ আন্তর্জাতিক ম্যাচে স্মৃতি মন্ধানা, বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে ইতিহাস

Spread the love

লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেললেন স্মৃতি মন্ধানা। বিশ্বের কনিষ্ঠতম মহিলা ক্রিকেটার হিসেবে গড়লেন অনন্য রেকর্ড।

বাবান আদক, কলকাতা ডেস্ক: বয়স এখনও তিরিশ পেরোয়নি। আগামী ১৮ জুলাই জীবনের ৩০তম বসন্তে পা দেবেন। আর তার আগেই বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক অনন্য নজির গড়ে ফেললেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মন্ধানা (Smriti Mandhana)। বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলার বিরল মাইলস্টোন স্পর্শ করলেন বাঁ হাতি এই ব্যাটার। শুক্রবার ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্টে মাঠে নেমেই এই ঐতিহাসিক কীর্তি গড়লেন তিনি।

বিশ্বের দ্বাদশ এবং ভারতের তৃতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ৩০০ আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন স্মৃতি। তাঁর আগে ভারতের হয়ে এই কৃতিত্ব রয়েছে কেবল মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌরের। এমন এক বিশেষ দিনে লর্ডসের মাটিতে নামতে পেরে স্মৃতি স্বাভাবিকভাবেই আবেগপ্রবণ। লর্ডসের সঙ্গে তাঁর স্মৃতি অবশ্য খুব একটা সুখের ছিল না। ২০১৭ সালের বিশ্বকাপের ফাইনালের কথা স্মরণ করে তিনি বলেন, “সেবারের বিশ্বকাপে আমার পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। আমি আদৌ আর ভারতের হয়ে খেলার সুযোগ পাব কি না, তা নিয়েও চরম সংশয়ে ছিলাম। তাই কামব্যাক করে সেই লর্ডসেই নিজের ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামাটা স্বপ্নের মতো। এর থেকে ভালো ভেন্যু আর কিছু হতেই পারে না।”

Read More: FIFA সভাপতির নামে থানায় অভিযোগ, নোয়াখালির ঘটনায় চাঞ্চল্য বাংলাদেশে

টি-২০ ক্রিকেটের মারকাটারি মেজাজ থেকে বেরিয়ে লাল বলের টেস্ট ক্রিকেটে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন স্মৃতি। তাঁর কথায়, “টি ২০তে দ্রুত রান তোলার একটা প্রত্যাশা থাকে। কিন্তু লাল বলের ক্রিকেটে বল খুব মনোযোগ দিয়ে দেখতে হয়। বেসিক বা মূল বিষয়ের ওপর জোর দেওয়াটা এখানে সবচেয়ে জরুরি।” দীর্ঘ সময় ক্রিজে কাটানোই তাঁর প্রস্তুতির মূল লক্ষ্য ছিল। ২০১৪ সালের পর ওয়ার্মসলিতে ফিরে যাওয়ার পুরনো স্মৃতি এবং পার্থে গোলাপি বলের টেস্টের কথাও উঠে আসে তাঁর মুখে।

লর্ডসেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জনের সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ থাকলেও স্মৃতি মনে করেন, ক্রিকেটে ভালো ও খারাপ দিন থাকে। কিন্তু মাঠে নামলে প্রতিবার শূন্য থেকেই শুরু করতে হয়।

Read More: জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

পরিসংখ্যান বলছে, ভারতের হয়ে মহিলাদের ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় শীর্ষে হরমনপ্রীত কৌর (৩৭৪ ম্যাচ)। ৩৩৩টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে মিতালি রাজ। আর ৯টি টেস্ট, ১২০টি ওডিআই এবং ১৭১টি টি-২০ মিলিয়ে মোট ৩০০ ম্যাচ খেলে স্মৃতি উঠে এলেন তৃতীয় স্থানে। তাঁর ঠিক পরেই রয়েছেন ঝুলন গোস্বামী (২৮৪) এবং দীপ্তি শর্মা (২৮০)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *