ড্রেন সংস্কারে মাঠে নেমে তদারকি করলেন বিধায়ক
সম্প্রতি হওয়া ভারী বৃষ্টির পরে হাওড়া শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যায়। বিশেষ করে শিবপুর বিধানসভার ৫০ নম্বর ওয়ার্ড-সহ বেশ কয়েকটি এলাকায় জলনিকাশি ব্যবস্থা নিয়ে বাসিন্দাদের অভিযোগ সামনে আসে। সেই পরিস্থিতিতে প্রশাসনের তরফে যুদ্ধকালীন তৎপরতায় ড্রেন পরিষ্কার ও নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার এলাকায় উপস্থিত হয়ে বিধায়ক রুদ্রনীল ঘোষ নিজেই ড্রেন পরিষ্কারের কাজ পর্যবেক্ষণ করেন। কোথাও জমে থাকা পলি, কোথাও বা আবর্জনায় ভরাট হয়ে যাওয়া নিকাশি নালা, সব কিছু খতিয়ে দেখে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিতে দেখা যায় তাঁকে। শুধু পরিদর্শন নয়, কাজের গতি এবং গুণমান নিয়েও তিনি খোঁজখবর নেন। রুদ্রনীল ঘোষ বলেন, ‘হাওড়ার দীর্ঘদিনের জমা জলের সমস্যা একদিনে মিটবে না। তবে ধাপে ধাপে ড্রেন সংস্কার, নিয়মিত পরিষ্কার এবং নিকাশি ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। মানুষের ভোগান্তি কমানোই আমাদের প্রধান লক্ষ্য।’ তিনি জানান, বর্ষার সময়ে যাতে জল দ্রুত বেরিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ ড্রেন ও খালগুলিকে অগ্রাধিকার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি, ভবিষ্যতে কোথায় নতুন নিকাশি পরিকাঠামো প্রয়োজন, তাও খতিয়ে দেখা হচ্ছে।