ICICI Securities টার্গেট প্রাইস বৃদ্ধি করতেই দুরন্ত গতিতে ছুটছে গোদরেজের এই স্টক
আইসিআইসিআই সিকিউরিটিজ় (ICICI Securities) টার্গেট প্রাইস বাড়ানোর পরেই বাজারে চাঙ্গা হয়েছে গোদরেজ কনজ়িউমার প্রোডাক্টস (Godrej Consumer Products)-এর শেয়ার। বৃহস্পতিবার, ৯ জুলাই বিএসই-তে (BSE) প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে FMCG সংস্থার এই স্টক। টানা দু’দিনের পতনের পরে এ দিন শেয়ারটি ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।
বৃহস্পতিবার গোদরেজ কনজ়িউমারের শেয়ার ১,০৬৫.৬৫ টাকায় লেনদেন শুরু করেছিল। আগের দিনের ক্লোজ়িং প্রাইস ছিল ১,০৭৪.১০ টাকা। তার পরে এই স্টকের দাম ১,০৯৬.৯৫ টাকা পর্যন্ত উঠেছিল। অর্থাৎ লোয়ার পয়েন্টে শুরু করেও বৃদ্ধির পথে হেঁটেছে এই স্টক।
যদিও দীর্ঘমেয়াদে এই স্টক সেক্টরাল পারফরম্যান্সের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে। বিএসই-র তথ্য অনুযায়ী, গত এক বছরে গোদরেজ কনজ়িউমার প্রোডাক্টসের শেয়ার দর প্রায় ১৬ শতাংশ কমেছে। একই সময়ে বিএসই FMCG সূচকের পতন হয়েছে প্রায় ১০ শতাংশ। আবার গত দু’বছরে এই স্টকের দাম কমেছে প্রায় ২৩ শতাংশ। সেখানে সংশ্লিষ্ট সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে প্রায় ১৪ শতাংশ।
চলতি বছরের ২ এপ্রিল স্টকটি ৯৬৭.২৫ টাকার ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে নেমেছিল। অন্য দিকে, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর এটি ১,৩০৮.৪০ টাকার ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। তবে সাম্প্রতিক সময়ে স্টকটিতে আবার ক্রেতাদের আগ্রহ বাড়ছে। জুলাই মাসে এখনও পর্যন্ত শেয়ারটি প্রায় ৮ শতাংশ বেড়েছে। এর আগে টানা দু’মাস স্টকটি পতনের কবলে পড়েছিল।
ICICI Securities-এর রেটিং পরিবর্তন
ব্রোকারেজ সংস্থা ICICI Securities গোদরেজ কনজ়িউমার প্রোডাক্টসের শেয়ারে রেটিংয়ে বদল এনেছে। ‘Add’ থেকে ‘Buy’ রেটিং দিয়েছে আইসিআইসিআই সিকিউরিটিজ়। সেই সঙ্গে টার্গেট প্রাইস ১,১৫০ টাকা থেকে বাড়িয়ে ১,৩০০ টাকা করা হয়েছে।
এই স্টক নিয়ে ব্রোকারেজ সংস্থার বিশ্লেষকরা বলেছেন, ‘আমরা গোদরেজ কনজ়িউমার প্রোডাক্টের স্টকে Add থেকে Buy রেটিং দিয়েছি। আমাদের বিশ্বাস, সংস্থাটি এখন দ্বি-অঙ্কের (Double-digit) ভলিউম গ্রোথের পর্যায়ে প্রবেশ করছে। এই বৃদ্ধির পিছনে তিনটি বড় কারণ থাকবে— প্রথমত, সংস্থার মূল (Core) পণ্য বিভাগে শক্তিশালী বৃদ্ধি। দ্বিতীয়ত, Speedboats বিভাগে উল্লেখযোগ্য বৃদ্ধির সম্ভাবনা। তৃতীয়ত, আন্তর্জাতিক বাজারে ব্যবসার কাঠামোগত উন্নতি ।’
ICICI Securities আরও বলেছে, ‘মূল পোর্টফোলিওতে নতুন গ্রাহক যুক্ত হওয়ার সুযোগ, নিয়মিত নতুন পণ্য বাজারে আনা এবং আন্তর্জাতিক ব্যবসায় কাঠামোগত উন্নতির ফলে আগামী কয়েক বছরে সংস্থার বৃদ্ধির গতি বজায় থাকবে বলে আমরা মনে করছি।’
এই ইতিবাচক সম্ভাবনার কথা মাথায় রেখে ব্রোকারেজ সংস্থাটি ২০২৬-২৭ (FY27) এবং ২০২৭-২৮ (FY28) অর্থবর্ষের জন্য সংস্থার আর্নিংস পার শেয়ার (EPS)-এর পূর্বাভাস যথাক্রমে ২.২ শতাংশ এবং ৪.৩ শতাংশ বাড়িয়েছে। তাদের মতে, আগামী দিনে রেভিনিউ গ্রোথ এবং মার্জিন আরও উন্নত হওয়ার সম্ভাবনাই এই সংশোধনের প্রধান কারণ।
(এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রকাশিত। এই সময় অনলাইন কোনও ধরনের বিনিয়োগের পরামর্শ দেয় না। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে নিজে গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)