প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে ব্ল্যাকমেলের চেষ্টা! গ্রেপ্তার - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তন তৃণমূল কাউন্সিলারকে ব্ল্যাকমেলের চেষ্টা! গ্রেপ্তার

Spread the love

এই সময়: ইডি অফিসার সেজে কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার মোনালিসা বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ! অভিযুক্ত গ্রেপ্তার। ধৃতের নাম যুধাজিৎ ঘোষ (৬১)। ধৃত হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে রিজেন্ট পার্কে থাকেন।

মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র সরোবর থানায় একটি ফোন আসে। ফোনটি করেছিলেন মোনালিসা। তিনি ফোনে পুলিশকে জানান, দেশপ্রিয় পার্কের পিছনে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু এখন তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সঙ্গে সঙ্গেই রবীন্দ্র সরোবর থানার একটি টিম সেখানে পৌঁছয়। পুলিশ আটক করে যুধাজিৎকে।

তদন্তে উঠে আসে যুধাজিৎ নিজেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। প্রাক্তন কাউন্সিলারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তুলে ভয় দেখিয়ে বিষয়টি রফা করার নামে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন। তখনই মোনালিসা পুলিশকে খবর দেন।

রাতে যুধাজিৎ–সহ কয়েক জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন প্রাক্তন কাউন্সিলার। সেই অভিযোগের ভিত্তিতে রবীন্দ্র সরোবর থানা অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ এবং তোলাবাজির ধারায় মামলা রুজু করে। যুধাজিৎকে গ্রেপ্তার করা হয়।

মোনালিসা বলেন, ‘পুলিশি তদন্তে আমার পূর্ণ আস্থা রয়েছে। যে হেতু বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অধীন তাই এই মুহূর্তে আমি আর কোনও মন্তব্য করব না।’ লালবাজারের এক কর্তা বলেন, ‘এই চক্রে আর কারা জড়িত রয়েছে এবং ভুয়ো পরিচয় দিয়ে এর আগেও কাউকে এ ভাবে ব্ল্যাকমেল করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *