হলমার্ক নেই, HUID নম্বর ছাড়াই গয়না বিক্রির অভিযোগ, বাজেয়াপ্ত করল বিআইএস | BIS siezd gold ornaments from Ranaghat shop for not using hallamark and HUID number
কলকাতা: আসল হলমার্ক ছাড়া সোনা বিক্রি করা আইনত অপরাধ। নদিয়ার একটি দোকানে দিনের পর দিন সেই ধরনের গয়না বিক্রি হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এরপরই সেই দোকানে তল্লাশি চালাতে যায় বিআইএস বা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস। নদিয়ার রানাঘাটের ১৪ ডিসপেনসারি লেনের অর্ণব জুয়েলার্স নামের ওই দোকানে চালানো হয় তল্লাশি। বাজেয়াপ্ত করা হয়েছে ওই সোনা।
সোনা ও সোনার গয়না বিশুদ্ধ কি না, তা বোঝার জন্যই এই হলমার্কিং করা হয়। সেই প্রক্রিয়া সঠিকভাবে এগোচ্ছে কি না, তা দেখার জন্য বিআইএস নিয়মিত নজরদারি চালায়। ক্রেতাদের সঙ্গে যাতে প্রতারণার ঘটনা না ঘটে, সেটা ঠেকাতেই বিআইএস আইন অনুযায়ী এই নজরদারি চালানো হয়।
হলমার্কই শুধু নয়, যে কোনও সোনার গয়নায় এইচইউআইডি চিহ্ন থাকাও প্রয়োজন। সংশ্লিষ্ট দোকানে ওই চিহ্নও ছিল না বলে অভিযোগ। অর্থাৎ বিআইএস আইন লঙ্ঘন করার অভিযোগ উঠেছে। সেই কারণেই গত ৮ জুলাই রানাঘাটের ওই দোকানে তল্লাশি চালানো হয়।
সোনার গয়না বিক্রি করার ক্ষেত্রে মূলত তিনটি বিষয় মানতে হয় বিক্রেতাকে। থাকতে হবে বিএসআই স্ট্যান্ডার্ড মার্ক, বিশুদ্ধতা চিহ্নিত করার জন্য বিশেষ চিহ্ন থাকবে। এছাড়া ৬ সংখ্যার এইচইউআইডি নম্বর থাকতে হবে।
প্রতিটি গয়নার ক্ষেত্রে পৃথক এইচইউআইডি নম্বর থাকবে। বিআইএস কেয়ার অ্যাপের মাধ্যমে ওই নম্বর যাচাই করা যাবে। ক্রেতাদেরও ওই নম্বর যাচাই করেই কেনার পরামর্শ দেওয়া হয়। এইচইউআইডি ছাড়া হলমার্কের মতো দেখতে চিহ্ন ব্যবহার করে গয়না বিক্রি করলে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। হতে পারে কারাদণ্ডও।