লাগাতার বিক্ষোভের জের, পদত্যাগ ডানকুনি পুরসভার চেয়ারম্যান-সহ চার জনের
পদত্যাগ করলেন ডানকুনি পুরসভার চেয়ারম্যান। তাঁর সঙ্গেই পদত্যাগ করেছেন পুরসভার ভাইস-চেয়ারম্যান এবং আরও দুই কাউন্সিলার। বুধবার দুপুর থেকেই দুর্নীতি-সহ বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। আর বুধবার সন্ধ্যার পরে পদত্যাগ করেন তাঁরা। বিজেপির চাপের মুখেই তাঁরা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন ডানকুনি পুরসভার চেয়ারম্যান হাসিনা শবনম। যদিও ভাইস-চেয়ারম্যান প্রকাশ রাহা জানিয়েছেন, স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি। কারোর ওপর কোনও রকম চাপ দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি-ও।