অনুশের মামলা থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিশ্বনাথন, শুক্রবার মামলার শুনানি হতে পারে
এশিয়ান গেমসের ড্রেসাজ ইভেন্টে ভারতীয় দল নির্বাচন সংক্রান্ত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের বিচারপতি কেভি বিশ্বনাথন। যার ফলে বৃহস্পতিবার, ৯ জুলাই শুনানি স্থগিত হয়ে যায়। দল গঠনে অনিয়মের অভিযোগ তুলে প্রথমে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুশ আগরওয়ালা ও সুদীপ্তি হাজেলা। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তাঁরা। সেই মামলায় বৃহস্পতিবার শুনানি ছিল বিচারপতি কেভি বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে। শুনানি শুরু হওয়ার পরে বিচারপতি বিশ্বনাথন জানান, তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। এরপরে মামলাকারীর তরফে দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি আমানুল্লাহ-র বেঞ্চে। তাঁর নির্দেশ অনুযায়ী জরুরি ভিত্তিতে শুনানির জন্য শুক্রবার সুপ্রিম কোর্টের তালিকায় থাকবে এই মামলা।