কারখানার জিএসটি-র টাকা আত্মসাতের অভিযোগ, ওডিশা থেকে ধৃত ঠিকাদার
কারখানার জিএসটি-র টাকা আত্মসাতের অভিযোগে ওডিশা থেকে এক ঠিকাদারকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রবীন্দ্র বিসওয়াল। তিনি ওডিশার পুরী জেলার কাকতপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার তাঁকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এই নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। বিচারক তাঁর দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ১৭ জুন একটি বেসরকারি সংস্থার বর্ধমান শাখার পক্ষ থেকে বিকাশ কুমার বিসওয়াল একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বর্ধমান থানায় দায়ের করা অভিযোগে জানানো হয়, ওই সংস্থার সিপিপি, এসআইডি ও ডিআরআই বিভাগে অদক্ষ শ্রমিক সরবরাহের জন্য রবীন্দ্র বিসওয়ালের সঙ্গে চুক্তি হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত সংস্থার কাছ থেকে জিএসটি বাবদ টাকা নিলেও তিনি তা সরকারি কোষাগারে জমা দেননি। পাশাপাশি আরটিজিএসের মাধ্যমে সংস্থার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা অগ্রিম নিয়েও তা ফেরত দেননি। সব মিলিয়ে কোম্পানির কাছ থেকে প্রায় ১৮ লক্ষ টাকা প্রতারণা হয়েছে বলে অভিযোগ।
ওই সংস্থার তরফে দাবি করা হয়েছে, টাকা ফেরতের অনুরোধ জানিয়ে একাধিক বার যোগাযোগ করা হয়েছিল রবীন্দ্রর সঙ্গে। তার পরেও কোনও সাড়া দেননি অভিযুক্ত। এর পরেই তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা রুজু করে বর্ধমান থানার পুলিশ।
আধিকারিকরা জানিয়েছেন, তদন্তে নেমে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করে গত সোমবার ( ৬ জুলাই) পুরী জেলার কাকতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রবীন্দ্রকে।
পুলিশের দাবি, আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই প্রতারণার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে।