চেনা ফর্ম্যাটে ফিরছে ISL, ক্লাব-নেতৃত্বাধীন মডেলেই ভরসা AIFF-এর
ভারতীয় ফুটবলের জন্য সুখবর। অনেক টালবাহানার পরে জোড়াতাপ্পি দিয়ে গত মরশুমে খেলা হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ। তবে আগামী মরশুমে চেনা ছন্দে ফিরছে ISL। ২০২৬-২৭ মরশুমের আইএসএলে ফের থাকবে হোম-অ্যাওয়ে ফর্ম্যাট এবং নকআউট পর্ব। বুধবার এই খবর নিশ্চিত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)। এক সাংবাদিক বৈঠকে AIFF-এর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন এফসি গোয়া, নর্থইস্ট ইউনাইটেড এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লির প্রতিনিধিরা। সেখানেই ক্লাব-নেতৃত্বাধীন মডেলে আগামী চার বছরের জন্য ISL আয়োজনের কথা জানান AIFF-এর ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণন। আর কী জানালেন তিনি?
চেনা ছন্দে ফিরছে ISL
প্রশাসনিক জটিলতা এবং আর্থিক সমস্যার কারণে গত মরশুমে ISL নির্ধারিত সময়ে শুরু করা সম্ভব হয়নি। সংক্ষিপ্ত ও রাউন্ড-রবিন ফর্ম্যাটে আয়োজন করা হয়েছিল লিগ। তবে এ বার হোম-অ্যাওয়ে ফর্ম্যাট এবং নকআউট পর্ব অর্থাৎ পুরোনো আদলেই খেলা হবে ISL। এর পাশাপাশি ক্লাব-নেতৃত্বাধীন কমার্শিয়াল মডেলেই ভরসা রেখেছে AIFF। অর্থাৎ ISL-এর বাণিজ্যিক অধিকার থাকবে ক্লাবগুলির হাতে। প্রশাসনিক দায়িত্ব সামলাবে ও তদারকি করবে AIFF।
এই নিয়ে এম সত্যনারায়ণন বলেন, ‘১৪টি ক্লাবের কাছেই অংশগ্রহণের ফি জমা দেওয়ার জন্য চিঠি পাঠানো হবে। ক্লাবগুলি যা জানাবে, সেই ভিত্তিতে লিগ পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ তিনি আরও জানান, এই মডেলটি প্রাথমিকভাবে চার বছরের জন্য ভাবা হয়েছে। দু’বছর পরে ক্লাবগুলি চাইলে এই পরিকাঠামো থেকে বেরিয়ে আসতে পারবে অথবা চালিয়ে যেতে পারবে। তবে সত্যনারায়ণন আশাবাদী কোনও ক্লাবই পিছু হটবে না এই মডেল থেকে।
The AIFF and the Managing Committee of the ISL outlined a club-led commercial model for the Indian Super League today.
More details https://t.co/Jj0z8Mq9al#IndianFootball pic.twitter.com/mH20rm5tWU
— Indian Football (@IndianFootball) July 8, 2026
ISL সম্প্রচার ও স্পনসরশিপ নিয়ে কী পরিকল্পনা?
ক্লাবগুলি একসঙ্গে সম্প্রচারকারী সংস্থা বেছে নেওয়ার জন্য Request for Proposal (RFP) ইস্যু করবে। এর পাশাপাশি স্পনসরশিপ নিয়েও কাজ করবে তারা। FIFA এবং AFC-র টুর্নামেন্টের উইন্ডোর সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হবে ২০২৬-২৭ মরশুমের ISL-এর সূচি। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা আগামী মরশুমের লিগ।