Layoff news: একসঙ্গে চাকরি যাচ্ছে ৪ হাজার ৮০০ কর্মীর, বড় সিদ্ধান্ত এই সংস্থার | Microsoft to Lay Off 4,800 Employees Globally Amid Massive AI Push, Shares Down 23 percent in 2026
নয়া দিল্লি: ফের কর্মী ছাঁটাইয়ের খবর। নেপথ্যে সেই কৃত্তিম বুদ্ধিমত্তাই। চাকরি হারাতে চলেছেন একসঙ্গে প্রায় ৪ হাজার ৮০০ কর্মী। রয়টার্স সূত্রের খবর বিশ্বজুড়ে মোট কর্মী সংখ্যার প্রায় ২.১ শতাংশ কর্মী ছাঁটাই করতে চলেছে মাইক্রোসফট। কৃত্রিম বুদ্ধিমত্তা-তে বিপুল বিনিয়োগের পাশাপাশি এআই-এর মাধ্যমে ব্যবসা বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
শেয়ারবাজারে লাল সিগন্যাল
সোমবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের কথা জানিয়েছে টেক জায়ান্ট মাইক্রোসফট। ২০২৬ সালের প্রথম ছয় মাসে সংস্থার শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। ২০২২ সালের পর এটিই সংস্থার সবথেকে খারাপ পারফরম্যান্স। এর আগে চলতি বছরেই আমেরিকার ৯ হাজার কর্মীকে স্বেচ্ছায় অবসর (Voluntary Buyout) নেওয়ার প্রস্তাব দিয়েছিল মাইক্রোসফট।
প্রতি বছর জুন মাসে আর্থিক বছর শেষ হওয়ার পর নতুন অর্থবর্ষের পরিকল্পনা তৈরির আগে কর্মী কাঠামো নিয়ে পর্যালোচনা করে মাইক্রোসফট। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই ছাঁটাই বলে মনে করা হচ্ছে।
ছাঁটাই অ্যামাজন ও মেটাতেও
শুধু মাইক্রোসফটই নয়, চলতি বছরে অ্যামাজন ও মেটা-সহ একাধিক বড় প্রযুক্তি সংস্থাও হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে। এআই-তে বিপুল বিনিয়োগের পর আয়ের হিসেব মেলাতে সেই খরচ সামাল দিতে পারছে না বহু সংস্থা। বিশেষজ্ঞদের অনুমান, চলতি বছরে বিশ্বের বড় প্রযুক্তি সংস্থাগুলির এআই-সংক্রান্ত মোট বিনিয়োগ ৭০০ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে। ফলে ব্যয় নিয়ন্ত্রণ এবং লাভ বাড়ানো এখন সংস্থাগুলির অন্যতম প্রধান লক্ষ্য।
এআই-র চাহিদায় বাড়ছে ব্যবসা, বাড়ছে খরচ
কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান চাহিদার কারণে মাইক্রোসফটের অ্যাজ়ুর-এর ক্লাউড ব্যবসা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এপ্রিল পর্যন্ত OpenAI-এর মডেল বিক্রির একচেটিয়া অধিকার ছিল অ্যাজ়ুর-এর হাতে, যা সংস্থার আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। তবে এআই পরিকাঠামো গড়ে তুলতে বিপুল সংখ্যক ডেটা সেন্টারে বিনিয়োগ করতে হচ্ছে। সেই কারণে ব্যয় দ্রুত বাড়ছে এবং আয়ের উপর চাপ তৈরি হচ্ছে।